Uncategorized

পুরস্কার

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২৫

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ ও ২০২৫ সালের ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ পেয়েছেন ছয় লেখক।

৯ অক্টোবর ২০২৬ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, সরকারি-বেসরকারি সব সাহিত্য পুরস্কারের মধ্যে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের পুরস্কারে প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ বইয়ের জন্য আবুল আহসান চৌধুরী, কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে সময় বহিয়া গেল বইয়ের জন্য আনোয়ারা সৈয়দ হক এবং তরুণ সাহিত্যিক শ্রেণিতে জলমাকড়ের নৌকাবাইচ বইয়ের জন্য নিজাম বিশ্বাস পুরস্কার পেয়েছেন।

২০২৫ সালের পুরস্কারে প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে পালকের চিহ্নগুলো বইয়ের জন্য নাসরীন জাহান, কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে মানচিত্র বইয়ের জন্য শাহীন আখতার এবং তরুণ সাহিত্যিক শ্রেণিতে সায়ানাইড ফুল বইয়ের জন্য মাহবুব ময়ূখ রিশাদ পুরস্কৃত হয়েছেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে ২০২৪ সালের জন্য এবং সেলিনা হোসেনকে ২০২৫ সালের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপ ও টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন, দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং অনুষ্ঠান সঞ্চালন করেন মাহবুব আজীজ। সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরাও অনুষ্ঠানে যোগ দেন।

শব্দঘর ডেস্ক

————— ——————- —————–

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫ পেলেন চার তরুণ

‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ পেয়েছেন কবি রনক জামান, প্রাবন্ধিক ও গবেষক রাফাত আলম, কথাসাহিত্যিক হামিম কামাল এবং ডেইলি স্টারের সাংবাদিক ও শিশুসাহিত্যিক রবিউল কমল। ৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিচারকমণ্ডলীর সদস্য বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলন পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এবার কবিতা বিভাগে রনক জামান তার ‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ গ্রন্থের জন্য, প্রবন্ধ ও গবেষণা বিভাগে রাফাত আলম তার ‘বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’ গ্রন্থের জন্য এবং কথাসাহিত্য বিভাগে হামিম কামাল ‘ত্রিস্তান’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন। শিশু-কিশোর সাহিত্য বিভাগে রবিউল কমল তার ‘দস্যু ও দুই দুরন্ত’ গ্রন্থের জন্য এ পুরস্কার অর্জন করেন। মুক্তিযুদ্ধ ও বিপ্লব বিভাগে মানসম্মত গ্রন্থ না পাওয়ায় এবার কোনো পুরস্কার দেওয়া হয়নি। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মাহমুদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। উল্লেখ্য, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সৃজনধারায় গতি সঞ্চার ও উৎসাহিত করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এ পুরস্কার দিয়ে আসছে। এ পর্যন্ত ৭১ জন তরুণ কবি ও লেখক এই স্বীকৃতি পেয়েছেন। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।

শব্দঘর ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button