ভাষা-গবেষণা ধারাবাহিক : শব্দবিন্দু আনন্দসিন্ধু : মানবর্দ্ধন পাল

[প্রাচীন ভারতীয় আলঙ্কারিকরা শব্দকে ‘ব্রহ্ম’ জ্ঞান করেছেন―শব্দ যেন ঈশ্বরতুল্য। পাশ্চাত্যের মালার্মেসহ নন্দনতাত্ত্বিক কাব্য-সমালোচকদেরও বিশ্বাস, শব্দই কবিতা। শব্দের মাহাত্ম্য বহুবর্ণিল ও বহুমাত্রিক। বাংলা ভাষার বৃহদায়তন অভিধানগুলোর পাতায় দৃষ্টি দিলেই তা প্রতিভাত হয়। আগুনের যেমন আছে অসংখ্য গুণ, তেমনই ভাষার প্রায় প্রতিটি শব্দেরও আছে অজস্র অর্থের সম্ভার। কালস্রোতে ও জীবনের প্রয়োজনে জীবন্ত ভাষায় আসে নতুন শব্দ, তা বিবর্তিতও হয়। পুরনো শব্দ অচল মুদ্রার মতো ব্যবহার-অযোগ্য হয়ে মণি-কাঞ্চনরূপে ঠাঁই নেয় অভিধানের সিন্দুকে।
বাংলা ভাষার শব্দভাণ্ডার সমুদ্রসম―মধুসূদনের ভাষায় : ‘ভাণ্ডারে তব বিবিধ রতন’। বৈঠকি মেজাজে, সরস আড্ডার ভঙ্গিতে লেখা এই ‘শব্দবিন্দু আনন্দসিন্ধু’। ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক―সবকিছু মিলিয়ে শব্দের ভেতর ও বাইরের সৌন্দর্য-সৌগন্ধ এবং অন্তর্গত আনন্দধারার ছিটেফোঁটা ভাষিক রূপ এই ‘শব্দবিন্দু আনন্দসিন্ধু’ ধারাবাহিক।]
বাঁশ
কহিল কঞ্চির বেড়া, ওগো পিতামহ
বাঁশবন, নুয়ে কেন পড় অহরহ ?
আমরা তোমারি বংশে ছোটো ছোটো ডাল,
তবু মাথা উঁচু করে থাকি চিরকাল।
বাঁশ কহে, ভেদ তাই ছোটোতে বড়োতে,
নত হই, ছোটো নাহি হই কোনোমতে।
―নম্রতা, কণিকা, রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের কণিকা কাব্যের কবিতাগুচ্ছ উপমা ও প্রতীকের মাধ্যমে জীবন-জগতের নির্মোহ সত্য ও তত্ত্ব-প্রকাশে নতুন মাত্রা সংযোজন করেছে। কণিকার সব কবিতাই এই সত্যের স্মারক। এ কাব্যের কবিতাগুলো আকৃতিতে ক্ষুদ্র হলেও প্রকৃতিতে মহৎ―যেন বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। তাঁর নম্রতা শীর্ষক কবিতাটিও সেই ভাবসম্পদের ধারক। এখানে রবীন্দ্রনাথ কঞ্চির বেড়া ও বাঁশের সরল কথোপকথনের মাধ্যমে নীচতা ও উচ্চতার প্রসঙ্গ উত্থাপন করেছেন। তাতে কবির মূল কথা, বৃহতের অবনত হওয়ার মধ্যে থাকে বিনয়, ভদ্রতা ও মহত্ত্ব। কিন্তু ক্ষুদ্রের উন্নত শিরে থাকে অনুদারতার আস্ফালন ও দুর্বিনীতের অহংকার। অবশ্য এখানে রবীন্দ্রনাথের কণিকা কাব্যের মহত্ত্ব মূল্যায়ন আমাদের উদ্দেশ্য নয়; বরং বাঁশ শব্দের অর্থ-বৈচিত্র্য এবং প্রায়োগিক বহুমাত্রিকতা প্রদর্শন করাই লক্ষ্য।
অভিধানমতে, তৎসম বংশ থেকে বাঁশ শব্দের উৎপত্তি। বাঁশ তদ্ভব শব্দ, বিশেষ্য পদ। উদ্ভিদবিজ্ঞানের ব্যাখ্যায়, বাঁশ তৃণজাতীয় উদ্ভিদের বংশধর। আকৃতি-প্রকৃতিতে ভিন্ন হলেও বাঁশ ও দূর্বা একই প্রজাতির। একটি শব্দের অর্থ কালক্রমে কীভাবে পালটে যায়, তার স্বরূপ বোঝা মুশকিল! অভিধানে বাঁশের একটি অর্থ―বেণু। বেণু মানে বাঁশি। তাই আদি মধ্যযুগের কাব্য শ্রীকৃষ্ণকীর্তন-এ পাওয়া যায় : কাহ্ন বাএ বাঁশে―মানে কৃষ্ণ বাঁশি বাজায়। আবার বাঁশ দিয়ে দৈর্ঘ্য বা গভীরতার পরিমাপও বোঝায়। এক বাঁশ মানে দশ হাত পরিমাণ। তাই ভাটি অঞ্চলের লোকজীবনে এক বাঁশ জল মানে―দশ হাত পরিমাণ গভীর জল।
অভিধানে অর্থ-পার্থক্য অনুসারে বংশ শব্দের দুটি ভুক্তি আছে।
* বংশ = পুরুষানুক্রম, পুরুষ-পরম্পরা, কুল। গোষ্ঠী, গোত্র। ছেলেমেয়ে, পুত্রকন্যা, সন্তান-সন্ততি। তাই যমজ শব্দ আছে : বংশক্রম, বংশানুক্রম, বংশক্ষয়, বংশলোপ, বংশলোচন, বংশলতা, বংশধর, বংশরক্ষা, বংশ-পরম্পরা, বংশবৃদ্ধি, বংশমর্যাদা, বংশপ্রদীপ, বংশগৌরব ইত্যাদি। আবার প্রাণিবিজ্ঞানে বংশগতিবিদ্যা নামে একটি বিশেষ তত্ত্ব আছে। তাতে বংশ-পরম্পরায় প্রাপ্ত কুলের চরিত্র ও বৈশিষ্ট্যের ধারা রক্ষিত হয়। পুরুষ-পরম্পরা দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলোর প্রবাহকে প্রাণিবিজ্ঞানে বলা হয়, বংশগতিবিদ্যা (ঐবৎড়ফড়ঃঁং)।
* বংশ = বংশী, বাঁশ, বাঁশি, মেরুদণ্ড, শিরদাঁড়া। এই অর্থে যমজ শব্দ নিম্নরূপ : বংশদণ্ড, বংশপত্র, বংশমণ্ডপ, বংশরোচনা, বংশ-শলাকা, বংশাঙ্কুর ইত্যাদি।
সংস্কৃত বংশ থেকে তদ্ভব রূপ বাঁশ এবং বাঁশের সঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়ে বাঁশি (বাঁশ + ই)। বাঁশ ও বাঁশি শব্দ দুটির উৎসস্থল এক হলেও এদের আকার-আকৃতি ভিন্ন―প্রকৃতি, বৈশিষ্ট্য এবং কার্যকারিতা আলাদা। বাঁশ অসুরের, বাঁশি সুরের। বাঁশ ঘাতকের, বাঁশি সম্মোহকের। বাঁশ ভীতিকর, বাঁশি মুগ্ধকর। বাঁশ অস্ত্র, বাঁশি বাদ্যযন্ত্র। বাঁশির সুর সেই কবে থেকে বাঙালির প্রাণ আকুল করে আসছে―উদাসী করছে, বিবাগী করছে, গৃহত্যাগী করছে তার ঠিকঠিকানা নেই! সেই কবেকার বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন-এ লিখেছেন শ্রীরাধার মনোবিক্ষেপ :
কে না বাঁশী বায়ে বড়ায়ি কালিনী নই কূলে।
কে না বাঁশী বাএ বড়ায়ি এ গোঠ গোকুলে।।
আকুল শরীর মোর বেআকুল মন।
বাঁশীর শবদে মোর আওলাইলোঁ রান্ধন।।
দূরাগত বংশিধ্বনিও বাঙালির প্রেমিক হৃদয়, শরীর-মন উদাসী করে বাইরে টেনে নেয়। যুগ-যুগান্তরে বাঙালির কবিহৃদয় এই ব্যাকুলতা প্রকাশ করেছেন সুরে-ছন্দে। কালান্তরে রবীন্দ্র-নজরুল হয়ে এই আধুনিক কালেও বাঁশির মোহন সুর সচকিত করে কবি ও গীতিকবির চিত্ত। তাই রবীন্দ্রনাথের গানে পাই :
আমার রাত পোহালো শারদ প্রাতে।
বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে।।
নজরুলের গানেও আছে :
কে বিদেশী বন-উদাসী বাঁশের বাঁশি বাজাও বনে ?
এই দুই কবির প্রকৃতি-সঞ্জাত গানে ও কবিতায় বহুবার বাঁশি শব্দের ব্যবহার লক্ষ করা যায়। বাঁশ থেকে বাঁশি হয়। বাঁশি তদ্ধিতান্ত শব্দ। কিন্তু বাঁশ শব্দের সঙ্গে আ এবং ই প্রত্যয় যুক্ত করে যখন বাঁশাবাঁশি হয় তখন লাঠালাঠির সঙ্গে অর্থের কোনও পার্থক্য থাকে না―সমার্থক শব্দ হয়ে যায়―হয় আরও গুরুতর। সুরের নান্দনিকতা আসুরিকতায় পরিণত হয়।
বংশ শব্দের ভুক্তি এবং অর্থবৈচিত্র্যর কথা আমরা জেনেছি। এবার বাঁশ-এর সমার্থক শব্দগুলো জেনে নিই। আভিধানিক মুহাম্মদ হাবিবুর রহমান ও অশোক মুখোপাধ্যায় বাঁশের নিম্নরূপ সমার্থক শব্দের কথা জানিয়েছেন : বাঁশ, বংশ, বেণু, শতপর্বা, সুপর্বা, রম্ভ, মস্কর, ধনুদ্রুম, তৃণদ্রুম, কিলাটি। এই শব্দগুলো প্রায় সবই সংস্কৃত বা তৎসম। এ কালে বাঁশকে এত নামে আমরা ডাকি না। বাঁশিকেও বংশী বা বেণু ছাড়া অন্য নামে নয়। আধুনিক বাংলা ভাষায় সেসব আর ব্যবহার হয় না। ঐতিহ্যের সাক্ষ্য হিসেবে প্রাচীন মুদ্রার মতো অভিধানের শৃঙ্খলে বন্দি। একদা শ্রীকৃষ্ণের বাঁশির সুরে রাধিকার মন উতলা হতো। কিন্তু এখন সেই বৃন্দাবন নেই, সেই যমুনা নেই, কদম বা তমাল গাছ নেই, সেই রাধিকা নেই, শ্রীকৃষ্ণও নেই! দ্বাপরযুগও চলে গেছে কবে। তাই এ কালের আধুনিকাদের মন হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশিতেও উন্মনা হয় না।
দুই
সভ্যতার ঊষালগ্নে মানুষ ছিল গুহাবাসী, বনচারী ও যাযাবর। কৃষিকাজ শেখার বদৌলতে আদিম মানুষেরা যাযাবর-জীবনের অবসান ঘটিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তখন প্রয়োজন পড়ে আবাস নির্মাণের। আদিম মানুষ সে সময় গৃহনির্মাণের উপকরণ হিসেবে বিভিন্ন লতাপাতা ও গুল্মজাতীয় উদ্ভিদের পাশাপাশি বাঁশের ব্যবহার শুরু করে। বাঁশ হয়ে ওঠে বসত নির্মাণের মূল উপকরণ। কারণ ঘরের স্থায়িত্ব নির্ভর করে শক্ত খুঁটি ও বেড়ার ওপর। বাঁশের সুদৃঢ় ও সরল আকৃতি ঘরের খুঁটি ও বেড়ার কাজে অনন্য সহায়ক।
বাঁশের পরিচিতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে বাংলাপিডিয়া লিখেছে : বাঁশ কয়েক প্রজাতির ফাঁপা কাণ্ড বিশিষ্ট ঘাসজাতীয় উদ্ভিদ। কাষ্ঠল বৃক্ষের ন্যায় বৈশিষ্ট্য থাকায় অনেক সময় এটিকে ইধসনঁংধপবধব গোত্রের অন্তর্ভুক্ত করা হয়। বাঁশের বিস্তৃতি অত্যন্ত ব্যাপক। গ্রামীণ জনগোষ্ঠীর নিকট এর গুরুত্ব অপরিসীম। গৃহের অবকাঠামো নির্মাণ, মঞ্চ নির্মাণ, মই, মাদুর, ঝুড়ি, ফাঁদ, হস্তশিল্পসহ নিত্যদিনের ব্যবহার্য বিবিধ জিনিসপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। দেশের কোনও কোনও অঞ্চলে বাঁশের পাতা চালা ঘরের ছাউনিতে এবং গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। উষ্ণমণ্ডলীয় এলাকার দেশসমূহে কাগজ তৈরির প্রধান উপাদান হিসেবে বাঁশ ব্যবহৃত হয়ে আসছে। বাঁশঝাড়সমূহ ঝড়ো হাওয়া প্রতিরোধ ও ভূমিক্ষয় রোধ করে। কচি বাঁশের ডগা মুখরোচক সবজি হিসেবে খাওয়ার উপযোগী। এ ধরনের কচি ডগা স্থানীয়ভাবে বাঁশ কোড়ল নামে পরিচিত।
বাংলাপিডিয়া থেকে আরও জানা যায় : এগুলি অনেক বৎসর যাবৎ অঙ্গজ প্রজননের মাধ্যমে বৃদ্ধি পায় এবং কদাচিৎ ফুল ধারণ করে। বাঁশের ফুল ধারণের বিষয়টি অনিশ্চিত, দীর্ঘদিন পরপর ফুল আসে। তিন বছর থেকে ১২০ বছরের চক্রে ফুল আসতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে ১৫-৬০ বছরের ব্যবধানে বাঁশ ফুল ধারণ করে। বাঁশের অধিকাংশ প্রজাতিই জমকালো ফুল প্রদানের পর মৃত্যুবরণ করে। (ষষ্ঠ খণ্ড, পৃ. ৪৭৬, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি)।
বাঁশের পঁচাশিটি গোত্রের মধ্যে বাংলাদেশে কমবেশি ছাব্বিশটি গোত্রের সন্ধান পাওয়া যায়। দেশের সর্বত্র বাঁশ জন্মালেও পাহাড়ি অঞ্চলে, বিশেষত, বৃহত্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি বাঁশ জন্মে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে বাঁশের প্রয়োজন―সচেতনে বা অচেতনে। প্রাচীনকালে পশু বা মানবশিশু জন্মের পর নাড়ি-কাটতে কাঁচা বাঁশের পিঠের ধারালো অংশ ব্যবহৃত হতো। এখনও গ্রামাঞ্চলে এই রীতি বিদ্যমান। ধর্মবর্ণ-নির্বিশেষে মৃতের সৎকারের ক্ষেত্রেও বাঁশের প্রয়োজন। প্রাচীনকালে তো বটেই, একালেও বাঁশের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিসীম। মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতির দানে মানুষ জীবন ও সভ্যতায় পরিপুষ্টি লাভ করেছে। তাই প্রকৃতিকে প্রাচীন মানুষ কেবল মাতৃতুল্য মনে করেনি, দেবতাজ্ঞানে পূজাও করে এসেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নির্মল দাশ জানিয়েছেন : ত্রিপুরা একটি ক্ষুদ্র রাজ্য। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠী বাঁশকে দেবতার আসনে অধিষ্ঠিত করেছে। চৈত্র-বৈশাখ মাসে সাতদিন ধরে তারা ‘গরিয়া’ পূজা করে। ত্রিপুরার আদিবাসীদের এই পূজায় গরিয়ার প্রতীক হল বাঁশ। (বাঁশ ও সংস্কৃতি, লোকসংস্কৃতি প্রবন্ধমালা, পৃ. ৯৪, ত্রিপুরা)।
বাঁশের গুণের অন্ত নেই! এর ব্যবহারও বহুবিধ। প্রাচীন কাল থেকে বাংলার লোকজীবনে গৃহনির্মাণের প্রধান উপকরণ বাঁশ। ঘরের খুঁটি, ছনের চালা, ছাউনি, ধরনা, বেড়া, ঝাঁপ, সিলিং, পাখি পোষার খাঁচা ইত্যাদি তৈরিতে বাঁশ প্রধান উপাদান। গ্রামে এ কাজ যারা করে তাদের বলা হয় ঘরামি। বরাক বাঁশ ও মুলিবাঁশ ঘর তৈরির প্রধান উপকরণ। অবস্থাসম্পন্ন মানুষেরা তখন শৈল্পিক গুণের ঘরামি দিয়ে সুদৃশ্য চৌচালা-আটচালা ছনবাঁশের ঘর তৈরি করাতেন। এখন তাদের ঘর টিনকাঠ পেরিয়ে ইট-সিমেন্টর দালানে পরিণত হয়েছে। কিন্তু দরিদ্র মানুষের ঘর এখনও ছনবাঁশের―বড়জোর টিন-কাঠের। নদীমাতৃক বাংলাদেশে আছে অসংখ্য ছোট নদী ও খাল। বর্ষাকালে সেই নদী-খাল সহজে পারাপারের জন্য তৈরি করা হয় বাঁশের সাঁকো। তখন গ্রামবাংলায় এপার-ওপারে যোগাযোগের জন্য বাঁশের সাঁকোই হয় একমাত্র অবলম্বন। এই বাঁশের সাঁকোই সাধারণ মানুষের সেতু।
সামন্তসমাজে বাংলার কৃষিজীবনে বাঁশের ভূমিকা অনস্বীকার্য। জোয়াল, মই, ভার, মাথাল, পিচকিরি, কুলা, ডালা, পুরা, চাঙারি, মুগুর, পশুর মুখা, চালুনি, চাটাই, ধাড়ি, ধামা, ডোল, টুকরি, মাঁচা, ঘরের ভেলকি, নৌকার ছই ইত্যাদি নির্মাণে বাঁশই প্রধান উপাদান। মাছ ধরার উপকরণেও বাঁশের ব্যবহার লক্ষ্যণীয়। বড়শির ছিপ, ছিপজালের কাঠি, বাইর, পলো ইত্যাদি মূলত বাঁশ দিয়েই তৈরি হয়। গ্রামের মানুষ নিরক্ষর হলেও নন্দনভাবনা ও শিল্পচর্চায় তারা কোনওভাবেই ন্যূন নন। রান্নার তৈজসপত্র―ছাকনি, ধুচুনি, হাতা, ছেনি, ঘুটনি, সাঝি, ঝুরি, ফুলঝুরি, ঝাড়ু, হাতপাখা এবং লৌহনির্মিত যন্ত্রের হাতল এককালে বাঁশ দিয়েই নির্মাণ হতো―এমনকি, একদা বসার বেঞ্চ এবং শোয়ার চৌকিও। সিলেট অঞ্চলে হালকা-পাতলা বিশেষ ধরনের বাঁশ পাওয়া যায়। সেই বাঁশের ফাঁপা অংশে ভেজা চাল, গুড় ও নারকেল-কোঁড়া ভরে আগুনে পুড়িয়ে সুস্বাদু পিঠা বানানো হয়। তাছাড়া বাঁশের খুঁটির দুটি গিঁটের মাঝখানে থাকে ফুটদেড়েক ফাঁপা অংশ। সেখানকার ওপরের অংশে সামান্য কেটে সেটিকে টাকাকড়ি জমানোর ব্যাংক হিসেবেও লোকজীবনে ব্যবহার করা হয়। কালের বিবর্তনে এখন তা দখল করেছে মাটি ও প্লাস্টিকের সামগ্রী।
তবু যন্ত্রসভ্যতা আমাদের গ্রামীণ লোকশিল্প একেবারে বিলীন করতে পারেনি। নবায়িত হয়ে বাংলার লোকশিল্প এখনও অভিজাত শ্রেণির ড্রইংরুমে ও সভাকক্ষে শোভা পায়। বাঁশ-বেতের তৈরি মোড়া, সোফা, টেবিল, চেয়ার, ফুলদানি, টি-টেবিল, ট্রে, ছাইদানি ও বিভিন্ন শৌখিন সামগ্রী ধনবান ব্যক্তিরা এখন উচ্চমূল্যে কিনে ঘর সাজায়, আভিজাত্য প্রকাশ করে। দাঁতন-কাঠি, ধূপকাঠি ও আইসক্রিমে আজও অনিবার্যভাবে ব্যবহার হয় বাঁশের শলাকা। গ্রামের কাঁচা ঘরের ভেতরে এখনও লক্ষ করা যায়, কক্ষ নির্মাণের জন্য কারুকার্য-খচিত বাঁশের বেড়া। এর ইঙ্গিত পাওয়া যায় জসিম উদ্দীনের পল্লীবর্ষা কবিতায় :
কেহ বসে বসে বাখারি চাঁছিছে, কেহ পাকাইছে রশি,
কেউবা নতুন দুয়ারির গায়ে চাকা বাঁধে কসি-কসি।
কেউ তুলিতেছে বাঁশের লাঠিতে সুন্দর করে ফুল,
কেউবা গড়িছে সারিন্দা এক কাঠ কেটে নির্ভুল।
লোকজীবনের এসব শিল্পকর্মই কুটির শিল্পের আদিমাতা। এর সঙ্গে মিশে আছে অবকাশকালের আনন্দ-বিনোদন, শিল্পীমন এবং লোকমানসের সৃজন-ভাবনা। এসব লোকশিল্প যখন বাণিজ্যিক হয়ে ওঠে তখনই তা হয় কুটিরশিল্প।
কেবল সামাজিক ও বৈষয়িক জীবনে নয়, বাঁশ এ কালে আমাদের উপমহাদেশের মানুষের রাজনৈতিক জীবনেও অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে। আন্দোলন-সংগ্রামে, প্রতিবাদ-প্রতিরোধে, শোভাযাত্রা-মিছিলের ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ডে এবং মশালের হাতলে ব্যবহার করা হয় মুলিবাঁশ―জঙ্গি মিছিলে বাঁশের লাঠি। কদাচিৎ নৌকা ঠেলার বাঁশের লগিও হয়ে ওঠে দ্রোহী মিছিল-সমাবেশের হাতিয়ার। ক্রমক্ষীয়মাণ হলেও বাঙালির জীবনে বাঁশের ব্যবহার নেই এমন ক্ষেত্র খুঁজে পাওয়া কঠিন।
সর্বকালেই ছোটখাটো রোগবালাই কমবেশি মানুষের নিত্যসঙ্গী। প্রাচীন কালে যখন ডাক্তার-বৈদ্য-কবিরাজ সর্বত্র ছিল না তখন লোকচিকিৎসাই ছিল মানুষের ভরসা। সেক্ষেত্রে বাঁশের ভূমিকা সেকালে কম গুরুত্বপূর্ণ ছিল না। দেহের কোনও অংশ কেটে রক্তপাত হলে কাঁচা বাঁশের ওপরের সবুজ অংশ চেঁছে ক্ষত স্থানে লাগালে রক্তপাত বন্ধ হয়। বাঁশের বাঁকা আঁশ বেটে খাওয়ালে ধনুষ্টংকার সারে। ডায়াবেটিস প্রতিকারে বাঁশের গাঁটের ভেতরে সঞ্চিত জল খেলে উপকার হয়। বাঁশের কচি ডগা সেদ্ধ করে প্রলেপ দিলে এবং সেই জল দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা ভালো হয়। শুকনো বাঁশ আগুনে পোড়ালে যে কষ বেরোয় তা লাগালে নড়া দাঁত মাড়িতে শক্তভাবে বসে যায়। তাছাড়া লোকচিকিৎসকরা উচ্চ রক্তচাপ, জলবসন্ত, গুটিবসন্ত, ফোঁড়া ইত্যাদির চিকিৎসায় বাঁশ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সেকালে ঔষধ তৈরি করত। বিশেষ কয়েক প্রকার বাঁশের ভেতর শাদা দানাদার পদার্থ মিলে। তাকে বলা হয় বংশলোচন বা বাঁশকর্পূর। তা দিয়ে লোকচিকিৎসকরা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করতেন। আধুনিককালে এসব চিকিৎসা আর নেই। চিকিৎসাবিদ্যার ব্যাপক উন্নতির এই যুগে এসব লোকচিকিৎসা বিজ্ঞানসম্মত নয়।
বাঁশ কেবল সৃজনের সুশীল শিল্পই নয়; বাঁশ ব্যবহৃত হয় মানুষের দুঃশীল আচরণ এবং দুষ্কর্ম সম্পাদনেও। গ্রামীণ ঝগড়াবিবাদ ও মারদাঙ্গায় আবহমান কাল ধরে যে অস্ত্রশস্ত্র ব্যবহার হয় তার সিংহভাগই বাঁশের তৈরি। লাঠি, টেটা, বল্লম, গুলতি, তির-ধনুক ইত্যাদির মূল উপকরণ বাঁশ। এসব অস্ত্র তৈরির জন্য দোষ বাঁশের নয়। এর জন্য দোষী আমাদের দুরাচারী মন ও দুঃশীল মানসিকতা। তবে শিল্প ও সংগ্রামে, সৃজনকর্ম ও শত্রু-সংহারে, শৈশবের আনন্দময় দোলনা ও বিষাদময় শেষ বিদায়ের খাটিয়ায় জ্ঞানে-অজ্ঞানে বাঁশ যেন বাঙালির সহচর এবং নিত্যসঙ্গী।
তিন
বস্তুজগতের সবকিছুরই বাইরের দিক ও ভেতরের দিক আছে। বহির্গত দিক দৃশ্যমান, প্রত্যক্ষ এবং চাক্ষুষ। কিন্তু অন্তর্গত দিক অনুভবগ্রাহ্য। রাত্রিকালীন আকাশে চাঁদ প্রকৃতিগতভাবে সুন্দর। বাইরের সেই সৌন্দর্য আমরা সবাই অবলোকন করি। কিন্তু নজরুলের গানে যখন শুনি : চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে―তখন চাঁদের যে অন্তর্গত ও অপ্রকাশিত সৌন্দর্যের কথা কবি বলেন, তা দৃষ্টিতে নয়; হৃদয়ে অনুভব করতে হয়। তেমনই বাঁশ ও বাঁশজাত সামগ্রী গ্রামবাংলার লোকজীবনে প্রতিদিনের ব্যবহার্য। তা বাঁশের বৈষয়িক, ব্যবহারিক ও বাইরের দিক। কিন্তু কবি যতীন্দ্রনাথ বাগচীর কবিতায় বাঁশের প্রসঙ্গ ভিন্নমাত্রিক নান্দনিকতায় প্রকাশিত হয়। তিনি কাজলা দিদি কবিতায় লেখেন :
বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই,
মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই ?
এখানে বাঁশঝাড়ের শীর্ষে চাঁদের যে সৌন্দর্য বিকশিত হয়েছে তা অনাস্বাদিতপূর্ব এবং দৃষ্টিগ্রাহ্যতার চাইতে অন্তরে বেশি অনুভবগ্রাহ্য। চোখের দেখার চাইতে এখানে ষষ্ঠ ইন্দ্রিয় অধিক প্রভাবক।
বাঁশেরও তেমনই আছে বৈষয়িক অর্থের বাইরে অন্তর্গত বহুমাত্রিক অর্থের বিভা ও ভেতর-বাড়ির নান্দনিকতা। বাঁশের সেই বহুধা অর্থের মহিমা নিয়ে এবার সামান্য কথা। বাঙালির কথ্যভাষায় বাঁশ নিয়ে রূপকার্থে বেশ কিছু বাগধারা প্রচলিত আছে। এগুলো শ্লীলতাহানিকর কি না জানি না! তবে মানুষের মুখে সুপ্রচলিত। যেমন : বাঁশ খাওয়া, বাঁশ দেওয়া, তৈলাক্ত বাঁশমারা, আইখ্যাওয়ালা বাঁশভরা, বাঁশডলা, ফাটা বাঁশের চিপায় অণ্ডকোষ ইত্যাদি। বাক্যে প্রয়োগ করলে এই বাগধারাগুলো অপ্রিয় সত্য প্রকাশ করে ঠিকই তবে অনেক ক্ষেত্রে মানহানিকরও হয়। যেমন : তর্কে হেরে তিনি বড় বাঁশ খেলেন। বন্ধুকে এমন করে বাঁশ দেওয়া ঠিক হয়নি। সে মিষ্টি কথায় তৈলাক্ত বাঁশ দিল। তার চরম দুর্ব্যবহারের জন্য আইখ্যাওয়ালা বাঁশ দেওয়া দরকার। থানার বড় সাব বললেন, আসামি ধরে এনে বাঁশডলা দাও। অফিসে অনিয়ম করেছে, ঘুষও খেয়েছে―এবার ফাটা বাঁশের চিপায় অণ্ডকোষ। উল্লিখিত বাক্যগুলোতে বাংলা ভাষায় বাঁশ নিয়ে বাগধারার বিচিত্র ব্যবহার লক্ষ করা যায়। এসব বাগধারা ভুক্তভোগীর ক্ষেত্রে অপমানজনক এবং শারীরিক ও মানসিক যন্ত্রণাকর। তবে তা অন্যদের ক্ষেত্রে চায়ের টেবিলের আড্ডায় হাসি উদ্রেককারী আলোচ্য বিষয়।
বাংলা লোকসাহিত্য বাঙালির প্রাণ; হাজার বছরের বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাপনের দলিল। তাতে লুক্কায়িত আছে বাঙালির প্রাচীন সমাজ ও জীবনধারার প্রচ্ছন্ন পরিচয়। ডাকের বচন, খনার বচন, প্রবাদ-প্রবচন, লোকছড়া ইত্যাদিতে ছড়িয়ে আছে প্রাচীন বাঙালির নীতি-নৈতিকতা ও জীবনপ্রবাহ। লোকসাহিত্যের সেই আকরে বাঁশ অন্যতম উপাদান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে বাঁশ জড়িয়ে আছে বলেই সেখানে বাঁশের ব্যাপক উপস্থিতি। তাই লোকসাহিত্য থেকে বাঁশ নিয়ে কয়েকটি উদ্ধৃতি :
* পুবে হাঁস, পশ্চিমে বাঁশ
উত্তরে কলা, দক্ষিণে মেলা।
দক্ষিণ ছেড়ে উত্তরে বেড়ে
ঘর করগে পোতা জুড়ে।
* ফাগুনে আগুন, চৈতে মাটি
বাঁশ রেখে বাঁশের পিতামকে কাটি।
* ছাগল পায়রা পোষো হাঁস
সীমার মাঝে রোয় বাঁশ।
এই তিনটি খনার বচনে আবাসস্থলের কোথায় এবং কোনদিকে বাঁশ রোপণ করতে হবে তার পরামর্শ দেওয়া হয়েছে।
বাঁশের চরিত্র ও গুণাগুণ সম্পর্কে লোকছড়ায় বলা হয়েছে :
* কাঁচা বাঁশে ঘুণ ধরলে
রক্ষা নাই তার কোনও কালে।
* কাঁচা বাঁশে ঘুণ লাগিলে কত ভার সয় ?
* আবালে না-নোয়ালে বাঁশ
পাকলে করে ঠাস ঠাস।
কাঁচা বা অপরিপক্ব বাঁশ নিতান্ত অস্থায়ী। তাতে সহজে ঘুণ ধরে, পোকায় খায়। কাঁচা বাঁশ দিয়ে কোনও স্থায়ী কাজ হয় না। আর বাঁশ পরিপক্ব হয়ে শুকিয়ে গেলে বাঁকা হয় না, ভেঙে যায়। পাকা বাঁশ দিয়ে সূক্ষ্ম শিল্পকর্ম ও শৌখিন সামগ্রী তৈরি করা যায় না। ওই তিনটি লোকছড়ায় বাঁশের এই গুণাগুণের কথা বলা হয়েছে।
বাংলা লোকসাহিত্যে বাঁশ নিয়ে প্রবাদ-প্রবচনও কম নেই।
* কারও পোঁদে বাঁশ যায়,
কেউ গাঁট গোনে।
* ছেলে দিল পোঁদে বাঁশ,
বাকি রইল নাতি।
* বামুন বাসক বাঁশ, এই তিনে বাস্তুনাশ।
* বাঁশ মরে ফুলে, মানুষ মরে বোলে।
* বাঁশের চেয়ে কঞ্চি দড় (দৃঢ়)।
* যে করে ধরম-করম, তার মাথাতেই বাঁশ মারন।
জীবনের অপ্রিয় সত্য ও সমাজের অনৈতিক বাস্তবতা এই প্রবাদ-প্রবচনে প্রকাশিত হয়েছে।
বাঁশ নিয়ে লোকসাহিত্যে ধাঁধারও অন্ত নেই। ধাঁধার সঠিক জবাব দেওয়া বুদ্ধিমত্তার পরিচায়ক। গ্রামবাংলার মানুষের অবসর সময়ে ধাঁধা আনন্দময় বুদ্ধির খেলা। বিয়ের আসরে ঠাট্টা-স্থানীয় আত্মীয়রা ধাঁধার মাধ্যমে নতুন বরের বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয়ও নেয়। এমন দুটি ধাঁধা দিয়ে এ পর্ব শেষ করি―যার উত্তর, বাঁশ।
* শিশুকালে পরে জামা বয়সকালে ন্যাংটা।
বুড়াকালে দেয় সে দশহাত ঘোমটা।
* বাগান থাইকা বাইর হইল হীরা।
তার সর্ব গায়ে গিরা।
বর্ধিষ্ণু জনসংখ্যার চাপে এবং নগরায়নের প্রতাপে বাংলাদেশে এখন বাঁশঝাড় বিলুপ্ত হচ্ছে, কমে যাচ্ছে বাঁশ। কিন্তু পরস্পরকে বাঁশ দেওয়ার প্রতিহিংসাপরায়ণতা কমছে না।
[চলবে]
সচিত্রকরণ : ধ্রুব এষ



