লিটল ম্যাগ : দেয়াঙ পত্রিকা প্রসঙ্গে কিছু কথা : সুশান্ত সরকার

দেয়াঙ নামটির একটা বৈশিষ্ট্য আছে, এবং তার বিশেষ ঐতিহ্যও আছে। চট্টগ্রামের দক্ষিণে আনোয়ারায় অবস্থিত একটি মাটির পাহাড়। এই পাহাড়ের গায়ে কর্ণফুলী নদী। অতঃপর এই দেয়াঙ পাহাড়ে বহু সাধু-সন্ত, মরমী সাধক সাধনা করে তাঁদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন। এমনও কথিত আছে, এই পাহাড়ের অনতিদূরে ছিল প্রাচীন মার্কণ্ডেয় মুনির আশ্রম, যেখানে রচিত হয়েছিল মার্কণ্ডেয় পুরাণ, যার বহুল চর্চিত অংশ মার্কণ্ডেয় চণ্ডী বা গাথা সপ্তশতী। সে অন্য কথা। বলতে চাইছি, মাহমুদ নোমান সম্পাদিত দেয়াঙ নামক পত্রিকার প্রসঙ্গ।
মাহমুদ নোমান, যাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, একেবারে তেমন প্রকৃতির মানুষ। আজকের দিনে কেবল সাহিত্য জীবিকা করে কেউ পেটের ক্ষুধা মেটাবে, তা অলীক ভাবনা। অথচ নোমান কেবল সাহিত্যের সেবা করে বেঁচে থাকতে চান। আর তাই তিনি কবিতা লেখেন, গদ্য লেখেন, সাথে নিয়মিত এই দেয়াঙ পত্রিকার সম্পাদনা করে জীবন কাটিয়ে দিতে চান। ফলে দারিদ্র্য, অভাব তাঁর নিত্য সঙ্গী। তবুও তিনি অদম্য।
বেশ কিছুদিন আগে একজন বোন (কেকা অধিকারী) বললেন, তিনি মাহমুদ নোমান সম্পাদিত দেয়াঙ ‘ধান সংখ্যা’ পত্রিকাটি পড়ে মুগ্ধ হয়ে গেছেন। এবং সেই সাথে জানান পরবর্তী সংখ্যা হবে বিলুপ্ত বা লুপ্তপ্রায় মাছ নিয়ে। যেহেতু আমি বাঙাল (বাঙালি বলতে মুখে বাধে), মাছে ভাতে আমি বেড়ে উঠেছি, তাই মাছ নিয়ে আমার পাগলামি বা কৌতূহল আছে। আমি সাথে সাথে দেয়াঙ পত্রিকায় মজলাম।
একটি কথা হাস্যকর হলেও বলি, আমি ত্রিকালজ্ঞ নই―তবে বাস্তব জীবনে ত্রিকালদর্শী। কেননা, আমার জন্ম অবিভক্ত ব্রিটিশ ভারতে, তারপর পাকিস্তান এবং বাংলাদেশ। পূর্ববাংলার তিনটি সময়ের বিবর্তন আমি দেখেছি। বয়সের ভারে ন্যুব্জ আমি দীর্ঘদিন ভারতের পশ্চিম বাংলার বাসিন্দা। সময় পালটায়, আমিও পালটেছি। তবু আমার শৈশব-কৈশোরের সেই নদী-নালা, খাল-বিলের মাছের স্বাদ ভুলিনি। বিচিত্র মাছ চিনি, গরিব ঘরের ছেলে ছিলাম, মাছ ধরেছি, আঞ্চলিক কলাকৌশলও জানি। তাই মাহমুদ নোমানের মাছ সংখ্যা দেয়াঙ আমার সেই প্রত্যাশাকে পূর্ণ করবে এই ভেবে বহু কাঠ-খড় পুড়িয়ে, ফোনের পর ফোন করে, নোমান ও আমার বোনটিকে বিরক্ত করে, এক ফক্কড়বাজ ফেরিওয়ালার মাধ্যমে দেয়াঙ হাতে এসে পৌঁছায়। পত্রিকাটি হাতে পেয়ে বুক থেকে একটা অনিশ্চয়তা নেমে গেল। মন বলল, তাহলে পাইলাম।
২
দেয়াঙ প্রকাশিত হয়েছে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা থেকে। প্রকৃতার্থে একটি মফস্সল থেকে, কিন্তু পত্রিকাটির গায়ে কোনও মফস্সলি স্পর্শ বা গন্ধ নেই। একেবারে একটি ঝা-চকচকে মানসম্মত পত্রিকা। মাহমুদ নোমানের একটি হাহাকার শুনেছি বিজ্ঞাপনহীনতা নিয়ে। জানি বিজ্ঞাপন সহযোগিতা ছাড়া ঘাটের কড়ি দিয়ে এমন একটা ঢাউস, তথ্যবহুল পত্রিকা করা দুরূহ, কিন্তু বিজ্ঞাপন না থাকায় পত্রিকাটি অত্যন্ত সুখপাঠ্য হয়েছে, এ কথা যে-কোনও পাঠক বলতে বাধ্য। ২৫৬ পৃষ্ঠার পত্রিকার মধ্যে একটি মাত্র বিজ্ঞাপন নজরে পড়েছে।
এতক্ষণ দেয়াঙ নিয়ে শিবের গীত গাইলাম, এবার আসল কথা বলা যাক।
মাছ প্রসঙ্গে মোট চৌদ্দটি প্রবন্ধ, দুটি মাছের গল্প, সতেরটি মাছের কবিতা এবং গপ্ শিরোনামে চারটি সাক্ষাৎকার আর বর্তমান বাংলাদেশের ত্রিশটি জেলার বিচিত্র মাছের পরিচয় নিয়ে লেখা আছে। মোটামুটি সূচিপত্র এমনই।
পত্রিকাটির গপ্ বিষয়টি এর অনন্য সম্পদ। গপ্ শব্দের অর্থ আমার জানা মতে ফাটল, শূন্যস্থান বা ব্যবধান। সে অর্থে এখানে অন্যান্য লেখায় যে শূন্যতা বা ফাটল আছে, তাকে ভরাট করার জন্য সম্পাদকের চেষ্টা। হয়তো তাই, হতে পারে বিষয় বৈচিত্র্য আনতে। যা হোক না কেন, নড়াইলে জেলে সম্প্রদায় শীর্ষক আলোচনায় ভোঁদড় দিয়ে মাছ ধরা বহু পাঠকের চিন্তাকে বদলে দেবে। ব্যক্তিগত জীবনে কৈশোরে এই ভোঁদড় বা ধেঁড়ে দিয়ে নদীতে, বিলে মাছ ধরা আমি দেখেছি, আমার জন্মভূমি অঞ্চলে প্রায় সব জেলে পরিবারে ভোঁদড় বা আঞ্চলিক ধেঁড়ে আদরে-যত্নে পোষা হতো, রাতে নদীতে-বিলে বেড়জাল পেতে এদের নির্ধারিত দূরত্বে জলে নামিয়ে দেয়া হতো, এরা সব মাছ তাড়িয়ে জালের ভেতর ঢুকিয়ে দিলে জাল টানা হতো, প্রচুর পরিমাণ মাছ উঠত। নড়াইলে এখনও এই প্রক্রিয়াটি চালু আছে, নোমানের দৌলতে অবহিত হলাম নতুন করে। দেশি মাছের হালহকিকত আমার অভিজ্ঞতার সমান্তরাল। আমি একদা আমার ছেলের কাছে, যে মাছ জালে জড়িয়ে গেলে বিরক্ত হতাম, টেনে ছিঁড়ে ফেলে দিতাম, সেই গুজুরি, বা বুজুরি বা বেদে টেংরা খেতে চেয়েছিলাম। ছেলে হেসে উড়িয়ে দিল, তুমি এখনও তোমার যুগে বসে আছো। এখন সেই সব মাছ আসবে কোত্থেকে ? কেউ ও মাছ চেনে না। কোথায় গেল সে চাদা-চুচড়ো-নারকেলী চেলা, ডানকিনে মাছগুলো। বাস্তবে এটাই দেশি মাছের হাল হকিকত।
একটি মহামূল্যবান মাছের কথা এসেছে অনেক লেখায়। মাছটির নাম ‘মহাশোল’। মাছটি দুষ্প্রাপ্য ছিল যখন থেকে এর নাম শুনেছি। এই মাছটি শেষ পর্যন্ত চোখে এবং চেখে দেখেছি। দক্ষিণ বাংলার ইলিশ যদি মাছের রানি হয়, উত্তর বাংলার মহাশোল মাছের রাজা, এ কথা স্বীকার করতেই হবে। নেত্রকোনার কংস ও সোমেশ্বর নদী ও হাওরে কালেভদ্রে এই মহাশোল মেলে। উত্তরের পাহাড়ি ঢলে এরা নেমে আসে। বছরে হাতেগোনা দু-চারটে ধরা পড়ে। কিন্তু তা সাধারণ মানুষের নাগালের বাইরে। অর্থবান বা ক্ষমতাশালী ব্যক্তিদের ভোগ্য হয়ে যায়।
আমরা যে শোল মাছের সাথে পরিচিত, মহাশোলের সাথে তার আকৃতি, আকার, চেহারা এবং স্বাদ একেবারে আলাদা ও অনন্য। সামান্যতম মিল নেই। মহাশোল দেখতে প্রায় মৃগেল মাছের মতো। ছয়-সাত কেজির ওপরে ওজন। আঁশে একটু সাদার সাথে লালের আভা আছে। পেটের অংশ সাদা। একটি অভিজ্ঞতা বলি:
আমার একটি ছাত্র একদা নেত্রকোনায় চাকরি করত। তাঁর কাছে শুনলাম, মহাশোল তথাকথিত শোল নয়। মেঘালয়ের যে পাহাড়ি ঢল নামে তার সাথে কদাচিৎ দুটো-চারটে আসে। অধিকাংশ হাওরে চলে যায়; সোমেশ্বর, কংস নদীতেও দলছুট হয়ে একটা দুটো আসে। জেলেদের জালে ধরা পড়লে, অর্থ বা ক্ষমতাশালীরা ঝাঁপিয়ে পড়েন। দু হাজার-তিন হাজার টাকা কেজি দরে নিমেষে মিলিয়ে যায়। আমার ছাত্র তাঁর চাকরির ক্ষমতা দেখিয়ে একটা সাড়ে তিন কেজির মহাশোল ষোল হাজার টাকায় কিনে বরফ দিয়ে প্যাকেট করে, সেই দিনই রওয়ানা দেয়। যশোর থেকে ফোন করে জানায়, মহাশোল দেখতে হলে আমাদের বাড়িতে আসুন। গেলাম, গিয়ে দেখি আরও বহুজন আমার মতো এসে পড়েছেন। ছেলেটি এসে জামা-কাপড় না খুলে, প্যাকেট কেটে বের করে দেখাল। শোল মাছের সাথে মহাশোলের কোনও মিল নেই। বরং যেন মৃগেল মাছের সাথে অনেকটা সাদৃশ্য বেশি। মাছটি কাটিয়ে আমিসহ সব আত্মীয় স্বজনদের সামান্য কিছু ভাগ করে দিল। আমার ভাগে চার টুকরো। আমরা দুজন থাকি, পরদিন পরিপাটি করে দু খানা রান্না করে দু জনে খেলাম। আমার স্ত্রী মাছের দেশের মেয়ে, তখন প্রায় মৃত্যু পথযাত্রী। তিনি বললেন, কী খেলাম―এ যেন অমৃত। আমার কথা, থাক। তবে এমন বলা যায়, মহাশোল না খেলে জীবন অপূর্ণ থেকে যেত।
একটা কথা না বলে পারছি না। প্রায় বাংলাদেশের সব জেলার মাছের পরিচয় করে দিয়েছেন লেখকরা। কিন্তু তাঁদের লেখা গোটা জেলার প্রতিনিধিত্ব করেছে কি না, এ প্রশ্ন থেকে যায়। ধরা যাক, বাগেরহাটের মাছ নিয়ে যে লেখা আছে, তা একেবারেই মোরেলগঞ্জ অঞ্চলের মাছ মাত্র, গোটা বাগেরহাট জেলাকে প্রতিনিধিত্ব করেনি।
প্রত্যন্ত উপজেলায় বাস করে, বিনা বিজ্ঞাপনে, হা অন্ন চিন্তা মাথায় রেখে এমন একটা পত্রিকা সম্পাদনা করা, লেখা সংগ্রহ করা, ছাপা, বাঁধাই, বিপণন করা চারটিখানি কথা নয়। নোমানকে কোন শব্দে সাধুবাদ জানাব, তেমন শব্দ আমার ভাঁড়ারে নেই। শুধু বলব―
‘সমুখের পথ আরও কণ্টকাকীর্ণ, থেমে যেও না বন্ধু।’
লেখক : প্রাবন্ধিক



