Uncategorized

পুরস্কার : বাংলা একাডেমির নজরুল পুরস্কার ২০২৬ পেলেন অধ্যাপক রশিদুন্ নবী ও ফাতেমাতুজজোহরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ পেলেন গবেষক ও অধ্যাপক রশিদুন্ নবী ও সঙ্গীতশিল্পী ফাতেমাতুজজোহরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৩ মে (শনিবার) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আনুষ্ঠানিকভাবে এই দুই গুণীজনের হাতে ‘নজরুল পুরস্কার ২০২৬’ তুলে দেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক ও মহাপরিচালক মোহাম্মদ আজম।

অধ্যাপক ড. রশিদুন্ নবী একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, সঙ্গীতজ্ঞ ও স্বরলিপিকার। সর্বাধিক সংখ্যক নজরুলসঙ্গীতের সংকলনগ্রন্থ নজরুল-সঙ্গীত সংগ্রহ-এর সফল সম্পাদক তিনি। কর্মজীবনে সফল এই ব্যক্তিত্ব ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে সরাসরি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।

প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাতেমাতুজজোহরা দীর্ঘকাল ধরে নজরুলগীতি ও আধুনিক গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চে উপস্থাপক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। শুধু গানই নয়, সাহিত্যেও রয়েছে ফাতেমাতুজজোহরার দারুণ অবদান। তাঁর লেখা উপন্যাস, গল্প, কবিতা ও ছড়ার বই প্রকাশিত হয়েছে। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সরকারের সম্মানজনক ‘একুশে পদক’-এ ভূষিত হন।

গ্রন্থনা : শব্দঘর ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button