আর্কাইভসম্পাদকীয়

সম্পাদকীয় : বাংলাসাহিত্যের এক অসামান্য প্রতিনিধি

ত্রয়োদশ বর্ষ   প্রথম সংখ্যা   জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬

এক যুগ পেরিয়ে শব্দঘর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা প্রকাশিত হলো।

কেবল সাহিত্যচর্চায় মগ্ন থেকে নানা সংকট এবং বাধা পেরিয়ে এই ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাওয়া বেশ উৎসাহ জাগানিয়া―জানিয়েছেন পূর্ব ও বর্তমান প্রজন্মের সাহিত্যিকরা। এই অগ্রযাত্রা শব্দঘর-পরিবারেরও আনন্দের অধ্যায়।

আমরা পঞ্চম বছর থেকে দেশবরেণ্য কবি-কথাসাহিত্যিক কিংবা প্রাবন্ধিককে উৎসর্গ করে আসছি প্রতিটি বর্ষশুরু সংখ্যা। এ বছর শব্দঘর প্রচ্ছদ এবং আমাদের শিরস্ত্রাণ উৎসর্গ করেছি কবি ও কবিতাবিষয়ক প্রাবন্ধিক আবিদ আনোয়ারকে। তাঁর কাজ নিয়ে বাংলাসাহিত্যের বহুমাত্রিক সৃজনশীল বিদ্বজ্জনদের মূল্যায়ন সংকলিত করা হয়েছে এখানে। তাঁদের মধ্যে অন্যতম হলেন সৈয়দ আলী আহসান। তিনি বলেছেন, আবিদ আনোয়ারের ভাষার চিত্রকল্প যেন ‘ক্যানভাসের আয়তনের মধ্যে সুসম্পন্ন কম্পোজিশন।’

অভিনন্দন সাহিত্যের এক অসামান্য প্রতিনিধি, মেধাসত্তার অগ্রদূত কবি আবিদ আনোয়ারকে। আমাদের বিশ্বাস―কেবল সৃজনে নয়, উত্তর-প্রজন্মকে কাব্যশৈলীর যথার্থ পথ দেখাবে তাঁর রচিত কাব্যকলার গ্রন্থসমূহ।

বিশেষ মর্যাদায় প্রকাশিত হলো তাঁর দীর্ঘ সাক্ষাৎকার―গ্রহণ করেছেন মহসিন আহমেদ।

বর্তমান প্রজন্ম এবং আগের প্রজন্মের লেখকরা তাঁর সাহিত্যকর্মের মূল্যায়ন করেছেন। তাঁদের মধ্যে আছেন শওকত ওসমান, শামসুর রাহমান, হুমায়ুন আজাদ, মোহাম্মদ রফিকউজ্জামান, রফিকউল্লাহ খান, শেখর ইমতিয়াজ, কৌশিক গুড়িয়া, মাসুদুল হক, তারেক রেজা, মনি হায়দার এবং তপন বাগচী। 

থাকছে তাঁর রচিত ভিন্নমাত্রিক নানা কবিতা ও কাব্যানুবাদ, গল্প, নন-ফিকশন গ্রন্থবিষয়ক আলোচনা, প্রবন্ধ, সাহিত্যপঞ্জি এবং সেরা বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ বিভাগে আছে তাঁর কবিতা এবং প্রবন্ধের ইংরেজি অনুবাদ।

নিয়মিত বিভাগে বিশ্বসাহিত্য শিরোনামে প্রকাশ করা হলো বাংলায় অনূদিত দুটি গল্প―অনুবাদ করেছেন এলহাম হোসেন ও নূর কামরুন নাহার। প্রবন্ধ বিভাগে পাঠক পড়ার সুযোগ পাবেন আবু সাঈদ কামালের ‘ফ্ল্যাশফিকশন বা ঝলকগল্পের সম্পূর্ণ দিকনির্দেশনা’―সাম্প্রতিক বিশ্বে আলোচিত বিষয়ের ওপর চমৎকার গদ্য। ‘সাহিত্যধারার পাঠ : সরল শ্রেণিকরণ ও সাহিত্যতত্ত্ব’ শিরোনামে মোহিত কামালের প্রবন্ধসহ থাকছে মানবর্দ্ধন পালের দৃষ্টিতে জ্যোতির্ময় সেনের লেখা ভাষাবিষয়ক গ্রন্থ ‘পৌরাণিক শব্দসন্ধান ও প্রসঙ্গকথা’ বিষয়ে সময়োপযোগী মূল্যায়ন।

পুরস্কার বিভাগে থাকছে দিল্লিতে অনুষ্ঠিত সার্ক সাহিত্য পুরস্কার ২০২৫ এবং বগুড়া লেখক চক্র সাহিত্য পুরস্কারের খবর।

শিল্পী মোহাম্মদ রফিকউজ্জামানের আঁকা আবিদ আনোয়ারের প্রতিকৃতি অবলম্বনে প্রচ্ছদ সাজিয়েছেন ধ্রুব এষ। প্রিয় পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও গুণীজনদের এই শুভদিনে জানাই ভালোবাসা। বিজ্ঞাপনদাতাদের প্রতি রইল কৃতজ্ঞতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button