আর্কাইভবিশেষ আয়োজন

পুরস্কার

সার্ক সাহিত্য পুরস্কার ২০২৫

দিল্লিতে অনুষ্ঠিত সার্ক সাহিত্য উৎসবে এবার সার্ক সাহিত্য পুরস্কার পেলেন দুজন বাংলাদেশি লেখক। তাঁরা হলেন কথাসাহিত্যিক ফরিদুর রহমান ও কবি কামরুল হাসান। ফাউন্ডেশন অব সার্ক লিটারেচার অ্যান্ড রাইটার বা সংক্ষেপে ফসওয়াল আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে ১৯৮৮ সাল থেকে। ২০২৫ সালের নভেম্বরের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত নয়াদিল্লির একাডেমি অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচার ভবনে অনুষ্ঠিত উৎসবটি ৬৬তম।

পাঞ্জাবি ভাষার খ্যাতিমান ঔপন্যাসিক পদ্মশ্রীপ্রাপ্ত অজিত কৌর সংগঠিত ফসওয়াল দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর কবি-সাহিত্যিকদের একত্র করে এ উৎসবের আয়োজন করে চলেছেন। এর প্রধান লক্ষ্য দক্ষিণ এশিয়ার কবি-লেখক-সাংবাদিক-শিল্পীদের একটি মঞ্চে নিয়ে আসা এবং তাঁদের মাঝে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তোলা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রয়েছে একটি যূথবদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি, হাজার বছর ধরে তারা প্রায় একই ভৌগোলিক অঞ্চল ও জলবায়ু পরিবেষ্টিত ভূখণ্ডে বাস করছেন, তাদের রয়েছে সম্পর্কযুক্ত ও প্রায় সম উত্তরাধিকার। এ উৎসব দক্ষিণ এশিয়ার এই ঐতিহ্যিক, বৈচিত্র্যপূর্ণ ও প্রাণচাঞ্চল্যময় সংস্কৃতি ও সাহিত্য তুলে ধরছে নিরলসভাবে।

অজিত কৌরের নেতৃত্বে দিল্লির এ উৎসব দক্ষিণ এশিয়ার একমাত্র উৎসব, যেখানে যোগ দেন সার্কভুক্ত দেশগুলোর কবি-লেখক-সাংবাদিক-শিল্পীরা। দক্ষিণ এশিয়ার প্রতিভাপূর্ণ সাহিত্যিক ও তাদের সাহিত্যকর্মকে স্বীকৃতি দিতে সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয় ২০০১ সালে। প্রবর্তনের বছরেই পুরস্কারটি লাভ করেন কবি শামসুর রাহমান। এর পরে বাংলাদেশ থেকে যাঁরা এ সম্মানজনক পুরস্কারটি লাভ করেন তাঁদের মাঝে আছেন অধ্যাপক ফকরুল আলম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি মুহম্মদ নূরুল হুদা, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি বিমল গুহ প্রমুখ। সার্ক সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের মাঝে রয়েছেন অনেক বিখ্যাত কবি-সাহিত্যিক যেমন মহাশ্বেতা দেবী, জয়ন্ত মহাপাত্র, অভি সুবেদী, সীতাকান্ত মহাপাত্র, উদয় প্রকাশ, সুমন পোখরেল, ভীষ্ম উপ্রেতি, অভয় কুমার। এ তালিকায় দুটি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ নাম হলো মার্ক টালি ও শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ থেকে দুজনসহ এ বছর ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকে একজন করে মোট ছয়জন পুরস্কার লাভ করেছেন। এঁরা হলেন লক্ষ্মী মালি (নেপাল), ইব্রাহিম ওয়াহিদ (মালদ্বীপ), অনুরাসিরি হাতিগে (শ্রীলঙ্কা)। এই ছয়জন সাহিত্যিককে পুরস্কৃত করার পাশাপাশি এ বছর তিনজন কৃতী সাহিত্যিককে আজীবন সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন নেপালের কবি ও অধ্যাপক অভি সুবেদী, ভারতের ইতিহাসবিদ আশিস নন্দী ও সাহিত্য একাডেমির বর্তমান সভাপতি কথাসাহিত্যিক ড. মাধব কৌশিক।

………………………………………………………………………………………………………………………………………….

বগুড়া লেখক চক্র পুরস্কার ও কবি সম্মেলন ২০২৫

কবিতা সবসময় মনের আলো জ্বেলেছে। সেই আলো জ¦ালাতেই যেন এবার বগুড়া লেখক চক্র তার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে কবি সম্মেলন ২০২৫। সারা দেশ থেকে আগত উপস্থিত কবি-লেখকের সংখ্যা ছিল দুশোর ওপর। সম্মেলনের প্রথম দিন ২৮ নভেম্বর ছিল ৮টি পর্ব। একটি সেমিনার, দুটি আলোচনা এবং দুই পর্বে কবিতা পাঠ। কথাকার নূর কামরুন নাহারের লেখা প্রবন্ধের বেলায় সভাপতিত্ব করেন গুণী কথাকার রফিকুর রশীদ। আলোচনায় ছিলেন ড. মাহফুজা হিলালী, কথাসাহিত্যিক মনি হায়দার, কথাসাহিত্যিক কামরুন নাহার শীলা। উপস্থাপন করেন কথাসাহিত্যিক মাহফুজ ফারুক।

‘রহস্য সাহিত্য : মূলধারা থেকে  বিচ্ছিন্ন কেন?’ এ বিষয়ের আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক ড. অখিল পোদ্দার, গল্পকার শিহাব আব্দুল্লাহ, আশরাফুল নয়ন।

‘তারুণ্যের কবিতায় সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি কামরুল বাহার আরিফ। বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি বকুল আশরাফ, কবি সৌম্য সালেক, কবি নাহিদা আশরাফী, কবি সিকতা কাজল, কবি তিথি আফরোজ, কবি হিরণ্য হারুন, কবি দীপংকর মারডুক এবং কবি শৈবাল নূর।

পরদিন ২৯ নভেম্বর ৬ বিশিষ্ট জন লাভ করেন বগুড়া লেখক চক্র পুরস্কার। তার মধ্যেই মাঝে মাঝে দোলা দিয়েছে স্থানীয় সংস্কৃতিকর্মীরা। বিশেষ করে বিষয়ভিত্তিক নৃত্য উপস্থিতিদের যারপরনাই আনন্দ দেয়। পুরস্কার প্রদান পর্বে প্রধান অতিথি কবি আমিনুল ইসলাম পুরস্কারপ্রাপ্ত ছয় বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করে সবাইকে সঙ্গে নিয়ে ক্রেস্ট তুলে দেন। সম্মানিত অতিথিরা সনদপত্র ও উত্তরীয় প্রদান করেন।

বগুড়া লেখক চক্রের এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন-

প্রবন্ধসাহিত্য : সৈকত হাবিব; কবিতা : মাসুদার রহমান; কথাসাহিত্য : আনিফ রুবেদ; শিশুসাহিত্য : হাসনাত আমজাদ; লিটল ম্যাগাজিন সম্পাদনা : জামসেদ ওয়াজেদ এবং সাংবাদিকতা মতিউল ইসলাম সাদি। দুজন পুরস্কারপ্রাপ্ত কবি সৈকত হাবিব ও সাংবাদিক মতিউল ইসলাম সাদির কর্মযজ্ঞ প্রসঙ্গে বলেন যথাক্রমে কবি সৌম্য সালেক ও সাংবাদিক মোহন আখন্দ।

এর আগে ছোট কাগজ বিষয়ে খড়িমাটি সম্পাদক মনিরুল মনিরের প্রবন্ধের ওপর সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন বিন্দুবিসর্গ সম্পাদক সাবেদ আল সাদ, অনিন্দ্য সম্পাদক হাবীব ওয়াহিদ শিবলী, স্বনন সম্পাদক সুনীল শৈশব, সাম্প্রতিক সম্পাদক আমিরুল বাশার। সঞ্চালক ছিলেন কার্পাস সম্পাদক শফিক আজিজ। সভাপতিত্ব করেন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়।

শব্দঘর ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button