ওয়ালেস স্টিভেন্সের একগুচ্ছ কবিতা : বাংলা অনুবাদ : হামিদ হোসেন খুররম
বিশ্বসাহিত্য : অনূদিত কবিতা

ওয়ালেস স্টিভেন্স একজন গুরুত্বপূর্ণ মার্কিন আধুনিক ধারার কবি। তাঁর জন্ম ও বেড়ে ওঠা পেনসিলভানিয়ার একটি ধার্মিক খ্রিষ্টান পরিবারে, যার প্রভাব তাঁর কবিতায় লক্ষণীয়। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীকালে নিউ ইয়র্ক ল স্কুল থেকে পড়াশোনা সমাপ্ত করেন। পেশাজীবনে তিনি কানেকটিকাটের এক বীমা কোম্পানির কর্মকর্তা ছিলেন; এবং তিনি অপেক্ষাকৃত বেশি বয়সে কবিপরিচিতি লাভ করেন।
ওয়ালেসের প্রথম কাব্যগ্রন্থ Harmonium ১৯২৩ সালে প্রকাশিত হয়। ১৯২০ ও ১৯৩০-এর দশকে তাঁর কবিতার আরও দুটি বই এবং ১৯৪০-এর দশকে আরও তিনটি বই প্রকাশিত হয়। জীবিতাবস্থায় তুলনামূলক জনপ্রিয়তা লাভ না করলেও মৃত্যুর পর তাঁর কবিতা ও প্রবন্ধের পাঠকচাহিদা ব্যাপকভাবে বাড়তে থাকে। তাঁর বিখ্যাত কবিতা ‘Sunday Morning’, ‘The Emperor of Ice-cream’, ‘The Snow Man’ I ‘Thirteen Ways of Looking at a Blackbird’। ১৯৫৫ সালে কবি তাঁর Collected Poems-এর সুবাদে পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।
এই প্রভাবশালী কবির সৃষ্টিকর্মে কল্পনা ও বাস্তবতার সংঘাত-সংশয় লক্ষণীয়ভাবে বিদ্যমান। ওয়ালেসের রচনাশৈলীর বিশেষত্ব তাঁর অসাধারণ শব্দচয়ন ও অনবদ্য গাঁথুনি। তাঁর কাজের দুরূহ বিষয়বস্তুর কারণে তাঁকে স্বেচ্ছাকৃত জটিল কবি হিসেবে গণ্য করা হয়। ‘Sunday Morning’ কবিতায় ওয়ালেস স্টিভেন্স পাঠকদের ধর্ম, প্রকৃতি ও অস্তিত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন করেন। কবিতাটির বক্তা প্রথাগত ধার্মিক মূল্যবোধ পরিত্যাগ করে প্রকৃতি ও পৃথিবীর সাথে ব্যক্তিগত সংযোগ খোঁজে। এখানে খ্রিষ্টধর্মের আচার-অনুষ্ঠান ও প্রকৃতির নিজস্ব ছন্দের মাঝে বৈসাদৃশ্য দিয়ে প্রথাগত ধর্ম ও আধ্যাত্মিকতার পার্থক্য তুলে ধরা হয়েছে। কবিতাটির ইচ্ছাকৃত অস্পষ্টতা ও জটিলতার জন্য এটি বহুরূপে বিশ্লেষণ করা সম্ভব, যা ওয়ালেসের লেখনীর একটি প্রধান বৈশিষ্ট্য। আধুনিকতাবাদী কবিতার একজন প্রভাবশালী সমালোচক ইভোর উইন্টার্স ‘Sunday Morning’-কে ‘বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আমেরিকান কবিতা’ বলে ঘোষণা করেছেন। সে তুলনায় ওয়ালেসের আরেকটি জনপ্রিয় গুচ্ছকবিতা ‘Thirteen Ways of Looking at a Blackbird’ সহজপাঠ্য। এখানে কবি তেরোটি সংক্ষিপ্ত খণ্ডে একটি সাধারণ প্রসঙ্গ ‘কালো পাখি’কে তেরোটি দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন। প্রাণবন্ত চিত্রের মাধ্যমে কবিতাটি মানুষের উপলব্ধিক্ষমতার সীমা এবং বাস্তবতাবোধের উপায়গুলোকে অন্বেষণ করে।
ওয়ালেস স্টিভেন্সের মৃত্যুর পর ১৯৭৫ সালে বিশিষ্ট সাহিত্যসমালোচক হ্যারল্ড বম তাঁকে সমকালীন মার্কিন কবিদের শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন। ওয়ালেস স্টিভেন্সের ভাষ্যমতে কবিতাই সর্বোচ্চ ফিকশন। যদিও তাঁর কবিতাসমূহের জন্ম অন্য শতাব্দীতে, পৃথিবীর অপর প্রান্তে, আশা করছি বর্তমান যুগের বাঙালি পাঠকবৃন্দও তাঁর কবিতায় সমসাময়িক প্রাসঙ্গিকতা খুঁজে পাবেন।]

কালো পাখি
১
বরফঢাকা বিংশতি পাহাড় চূড়ায়,
ঘূর্ণন শুধু
কালোপাখির চোখের তারায়।
২
বৃক্ষের মতন
আমারও ছিল তিনটি মন,
যেথা আশ্রয়ে তিন কালো পাখি।
৩
শরৎ বাতাসে নাচে কালো পাখি
এ যেন পাখির মৃদু মূকাভিনয়।
৪
পুরুষ রমণী
এক
নর-নারী কালো পাখিও
এক।
৫
আমার জানা নেই
কী নেবো সুন্দর
শুদ্ধস্বর মিহিসুর ইশারার নির্বাক ধ্বনি
কালো পাখির শিস
কিংবা পরের ধাপ।
৬
বরফ সদৃশ ঘষা কাচ
দীর্ঘ জানালা
কালো পাখির ছায়া এদিক-সেদিক,
ছায়ার মেজাজ বুঝল সে কে?
৭
হাদ্দামের কৃশকায় মানুষ
কল্পনায় কেন আনো সোনালি পাখি?
তুমি কি দেখো না কালো পাখি
কেমন হাঁটে
তোমার চারপাশে রমণীর পায়?
৮
আমি জানি বিশুদ্ধ উচ্চারণ
স্বচ্ছ লয়ের বাঁধন
আরও জানি কালোপাখি
একাকার
এইসব বোধে আমার।
৯
চোখের আড়ালে উড়াল দেয় কালো পাখি
বহু বৃত্তের মাঝে
আঁকে একক সীমারেখা।
১০
দৃশ্যমান সবুজ বাতির বুক চিরে
উড়ে যায় কালো পাখি,
শুনি হালকা মূর্ছনা ভয়ার্ত চিৎকার।
১১
কানেকটিকাট পার হয়
কাচঘেরা ঘোড়ার গাড়ি
ভীতি তাকে ছুঁয়ে যায়
গাড়ির ছায়ায়
ভ্রম হয়
বুঝি কালো পাখি!
১২
নিরন্তর বহতা নদী
উড়ছে উড়ছে কালো পাখি।
১৩
অপরাহ্ণে সাঁঝের আঁধার
বরফ ঝরে অঝোরে
কেবলই তুষারপাত।
সেডার বৃক্ষশাখায়
বসে সেই কালো পাখি।
1Thirteen Ways of Looking at a Blackbird
………………………………………

রোববার সকাল
রোদমাখা চেয়ারে বসে তৃপ্তির পোশাক
এবং বিলম্বে পান করা কফি ও কমলা
এবং কাকাতুয়ার সবুজ স্বাধীনতা
লেপটে থেকে হারিয়ে যায় কার্পেটের ওপর
প্রাচীন আত্মত্যাগের পবিত্র নীরবতা।
সেই মেয়ে মৃদু স্বপ্ন দেখে এবং অনুভব করে অন্ধকার
প্রবেশ ঘটে পুরাতন দুর্যোগের
যেন জল-আলোতে শান্ত আঁধার
কমলার পচা ঘ্রাণ ও উজ্জ্বল নীল ডানা
মনে হয় বুঝি কোনও শবের মিছিল।
অনেক জলে বাতাস বহে, নিঃশব্দ
দিনটি ভরা জলের মতো, নিঃশব্দ।
সাগরের মাঝে স্বপ্নীল পায়ে
মেয়েটি পার হয় নীরব ফিলিস্তিন
রক্ত এবং সমাধির প্রতাপ।
২
মেয়ে কেন দেবে তার ধন মৃতের কাছে?
স্বর্গীয় কী আছে যদি তা আসে
শুধু নীরব ছায়া ও স্বপ্নের মাঝে?
মেয়েটি আরাম পায় না সূর্যালোকে।
পচা ফল এবং উজ্জ্বল সবুজ ডানা অথবা আরও কিছু
মর্ত্যের কোনও সৌরভ বা সৌন্দর্য
স্বর্গভাবনার মতো তারে দেবে সুরক্ষা?
মেয়েটির আছে স্বর্গীয় ভাব
বৃষ্টির প্রতি গভীর বোধ অথবা মেজাজ তুষারপাতে
একাকিত্বের দুঃখ কিংবা সুখ
সুখী হয় যখন বন প্রস্ফুটিত হয়
জোর হাওয়ার আবেগ
শরৎরতের ভেজা সড়কে।
সকল আনন্দ এবং সকল কষ্ট, মনে পড়ে
গ্রীষ্মের ডালপালা ও শীতের শাখা
এইসব সে মেয়ের আত্মার তরে।
2Sunday Morining (1&2)
……………………………………

নীল গিটার
সে উবু হয়ে ছিল গিটারের গায়,
দরজির মতন
দিনটি ছিল সবুজ রঙের।
তারা বলল, ‘তোমার একটি নীল গিটার আছে
তুমি ওসব বাজাতে পারো না, যেমন ওরা।’
সে উত্তর দেয়, ‘ওসব তেমনই
বদলে যায় নীল গিটারে।’
তখন তারা বলে, ‘কিন্তু বাজাও
অবশ্যই আমাদের অতিক্রান্ত স্বর, আমাদের মতন
নীল গিটারের একটি স্বর
তেমনই থাক ওসব ছিল যেমন।’
২
আমি পৃথিবীটাকে ঠিক গোলক বানাতে পারি না
যদিও আমি তাকে বানাতে পারি আমারই মতন।
আমি বন্দনা গাই একজন বীরের শির, বড় চোখ
এবং তামাটে দাড়ি, কিন্তু একজন মানুষ নয়
যদিও আমি তাকে যেমন পারি তেমনই বানাই
এবং তার মাধ্যমে যাই মানুষের কাছে।
যদি তুমি মানুষেরে দাও প্রিয় গান
তবে এসবে হারাবে ওদের, যেমন এসব
বলো এটা প্রিয় সঙ্গীত
নীল গিটারে বাজায় একজন মানুষ।
৩
আহা! মানুষের সাথে বাজানো প্রথম বিষয়
যেন হৃৎপিণ্ডে বিদ্ধ ছুরি
একটি বোর্ডে শায়িত তার মগজ
এবং তুলে আনা দুর্গন্ধযুক্ত রং
তার চিন্তাগুলো দরজার বাইরে সেঁটে দেয়
সেগুলো ছড়িয়ে দেয় বৃষ্টি ও তুষারে
তার ছুড়ে দেওয়া জীবন্ত কোনও কোনও ধ্বনি
ঘড়ির টিকটক শব্দের মতো পরিবর্তিত হয় সত্যে
এই হিংস্রনীল থেকে বের হয় উঁচু আওয়াজ
ধাতব তার থেকে জংলি ধ্বনি।
৪
অতএব তাদের জীবন তখন তাদেরই মতন?
এটা তার পথ খুঁজে পায় নীল গিটারে
এক মিলিয়ন মানুষ এক তারে?
এবং তাদের সবকিছু একই বিষয়ে
তাদের সকল আচরণ ভুল কিংবা শুদ্ধ
এবং তাদের সকল বিষয় সবল কিংবা দুর্বল?
অনুভূতিগুলো অস্থির, সূক্ষ্ম শিল্পের মতো ডাকে
ঠিক যেন শরৎ বাতাসে গুঞ্জন করে মাছি
এবং সেই জীবন তখন বিষয়গুলো তাদেরই মতন
গুঞ্জনরত নীল গিটারে।
৫
কবিতার মহত্ত্বের কথা আমাদের বলো না
মাটির তলদেশে জমে থাকা আলোকবর্তিকা
আলোকবিন্দুতে স্থাপিত সুরক্ষিত কাঠামো
আমাদের সূর্যে কোনও ছায়া নেই
দিন প্রত্যাশার এবং রাত্রি নিদ্রার
সেখানে কোথাও কোনও ছায়া নেই
পৃথিবী আমাদের জন্য সমতল এবং ঊষর
সেখানে ছায়া নেই
কবিতা সঙ্গীতকে ছাড়িয়ে শূন্য স্বর্গ
ও তার স্তুতিগীতির স্থান করে নেয়
আমরা নিশ্চিত কবিতার স্থান হবে
তোমার গিটারের ধ্বনির মাঝেও।
10The Man with the Blue Guitar-এর
প্রথম পাঁচ অংশের অনুবাদ।
…………………………
সচিত্রকরণ : রজত



