অনুবাদ গল্প : অমর জাতি : মূল : হোর্হে লুইস বোর্হেস

ইংরেজি : অ্যান্ড্রু র্হালে
বাংলা অনুবাদ : আলম খোরশেদ
[সলোমন বলেন : পৃথিবীর মাটিতে নতুন কোনও বস্তু নেই।তাই, যেমনটি প্লেটো কল্পনা করেছিলেন,
সকল জ্ঞানই বস্তুত স্মৃতিমাত্র, তেমনি সলোমনও এই বাক্য বলেন
যে, নতুন সমস্ত কিছুই আসলে বিস্মরণ।] [লন্ডনে, ১৯২৯ সালের জুনের গোড়ার দিকে, দুর্লভ গ্রন্থের বিক্রেতা, স্মার্না শহরের জোসেফ কার্তাফিলাস রাজকুমারী দ্য লুস্যাঞ্জকে পোপ বিরচিত ইলিয়াড-এর ক্ষুদ্রাকৃতি ছয় খণ্ডের সংস্করণটি সাধে। রাজকুমারী সেগুলো কিনে নেন; তিনি সেগুলোর মালিকানা গ্রহণের পর বিক্রেতার সঙ্গে সামান্য বাক্যবিনিময় করেন। তাঁর কথা অনুসারে সে ছিল ছাইরঙা চোখ ও দাড়িঅলা, একেবারেই বৈশিষ্ট্যহীন গড়নের এক শীর্ণকায়, ধূর্ত প্রাণি। সে এক প্রকার অপরিশীলিত ও অশুদ্ধ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বেশ কয়েকটি ভাষায় নিজেকে প্রকাশ করতে পারত; মুহূর্তের মধ্যে ফরাসি থেকে ইংরেজিতে, এবং ইংরেজি থেকে সালোনিকার স্প্যানিশ ও ম্যাকাউয়ের পর্তুগিজের মিশেলে তৈরি এক অদ্ভুত রহস্যময় ভাষায় চলাচল করতে সক্ষম। অক্টোবরে জিউস-এর এক যাত্রীর কাছ থেকে রাজকুমারী জানতে পারেন, স্মার্নায় ফেরার পথে কার্তাফিলাস সমুদ্রবক্ষেই মারা যায় এবং তাকে আইয়স দ্বীপে সমাহিত করা হয়। সেই ইলিয়াড-এর শেষ খণ্ডেই তিনি এই পাণ্ডুলিপিটি পেয়েছিলেন।
সেটি এমন এক ইংরেজিতে লিখিত হয়েছিল যেখানে ছিল লাতিনের ছড়াছড়ি; এটি সেই পাণ্ডুলিপিরই হুবহু পুনর্লিখন।]
এক
আমি মনে করতে পারি, আমার সংগ্রাম শুরু হয়েছিল সম্রাট দিওক্লেটিয়ানের সময়কার শত-তোরণ থিবিসের একটি বাগানে। আমি (কোনও গৌরব ছাড়াই) সাম্প্রতিক মিশরীয় যুদ্ধগুলোতে লড়াই করেছিলাম এবং লোহিত সাগরের তীরে বেরেনিসে মোতায়েন করা একটি বাহিনীর অধিকর্তা ছিলাম; সেখানে, জ্বর ও জাদু বহু পুরুষকে গ্রাস করেছিল, যারা আকুলভাবে ধাতব ব্লেডের বাসনা করেছিল। মৌরিতানীয়দের পরাজয় ঘটেছিল; যে-সকল ভূমি একদা বিদ্রোহী নগরীসমূহের অধিকারে ছিল সেগুলোকে অনন্তকালের জন্য প্লুটোনীয় ঈশ্বরদের উৎসর্গ করা হয়েছিল; দমিত আলেক্সান্দ্রিয়া, বৃথাই সিজারের করুণা প্রার্থনা করেছিল; এক বছরের মধ্যে বাহিনীর বিজয়ের কথা ঘোষণা করার কথা ছিল, কিন্তু আমি যুদ্ধের দেবতা মার্সের দর্শন পেয়েছিলাম সামান্যই। সেই কষ্ট আমাকে শোকার্ত করেছিল, এবং সম্ভবত সেই কারণেই আমি নিজেকে ভবঘুরে জীবনে ও ভয়ংকর মরুভূমির ভেতরে অমর জাতির গোপন নগরের অনুসন্ধানে ন্যস্ত করেছিলাম।
আমার সংগ্রাম, আমি বলেছি, থিবির এক বাগানে শুরু হয়েছিল। সেদিন সারারাত আমি ঘুমাইনি, কেননা আমার হৃদয়ে তখন যুদ্ধ চলছিল। শেষ পর্যন্ত ভোরের সামান্য আগে আমি উঠে দাঁড়াতে সক্ষম হই। আমার দাসেরা ঘুমাচ্ছিল, চাঁদের রং ছিল সেই অনিঃশেষ বালির মতো। একজন রক্তাক্ত আরোহী পূর্বদিক থেকে এগিয়ে আসছিল, ক্লান্তিতে অবসন্ন। আমার কাছ থেকে কয়েক পা দূরে সে ঘোড়া থেকে নেমে মৃদু ও সতৃষ্ণ কণ্ঠে, লাতিনে, জানতে চায় সেই নদীটির নাম, যার জলে আমাদের শহরের সীমানাপ্রাচীর স্নাত হয়েছিল। আমি তাকে বলি, তার নাম ইজিপ্ট, বৃষ্টির জলে যার জন্ম। ‘এটা নয়, আমি অন্য এক নদীর খোঁজ করছি,’ সে বিষণ্ন গলায় জবাব দেয়, ‘সেই গোপন নদীর, যা মৃত্যুপথযাত্রী মানুষদের শুদ্ধ করে।’ তার বুক থেকে কালোরঙা রক্ত উথলে পড়ছিল। সে আমাকে বলে, তার জন্ম সেই দেশে যার অবস্থান গঙ্গাতীরের পার্বত্যভূমিতে; সেই পর্বতে এমন গুজব ছিল, সে আমাকে বলে, যদি কেউ পশ্চিম দিকে পৃথিবীর শেষ পর্যন্ত ভ্রমণ করে, সে সেই নদীর দেখা পাবে যার জল মানুষকে অমরত্ব প্রদান করে। সে আরও যোগ করে, তারই দূরবর্তী তীরে অমরাবতীর ঠিকানা, যেখানে মন্দির, মুক্তমঞ্চ ও সুরক্ষাপ্রাকার রয়েছে। ভোরের আগেই সে মারা যায়, কিন্তু আমি সেই নগর ও নদীর সন্ধানে যাবার প্রতিজ্ঞা করি। নির্যাতনকারীদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে কেউ কেউ মৌরিতানিয়ার বন্দি সেই ভ্রামণিকের গল্পের সত্যতা দাবি করে : তাদের একজন এলিসিয়ান সমতলের কথা বলে, দূরে, পৃথিবীর শেষ প্রান্তে যেখানে মানুষের জীবন অনন্ত; আরেকজন সেই পর্বতের চূড়ার কথা বলে যেখান থেকে পাক্তলোস নদীর উৎপত্তি, যেখানে মানুষেরা শত শত বছর বাঁচে। রোমে আমি দার্শনিকদের সঙ্গে কথা বলি, যাদের বিশ্বাস, মানুষের জীবনের দৈর্ঘ্যকে টেনে বড় করার অর্থ তার মৃত্যুর যন্ত্রণাকে দীর্ঘায়িত করা, এমনকি তার মৃত্যুকে বহুগুণে প্রসারিত করা। আমি নিশ্চিত নই আমি এই অমরাবতীর অস্তিত্বে আদৌ বিশ্বাস করি কি না; আমি মনে করি সেটা খুঁজে বের করাই আমার জন্য যথেষ্ট। গেতুলিয়ানের প্রিকন্সাল ফ্লাভিয়াস আমার জন্য দুইশ সৈন্য বরাদ্দ করে এই অভিযানের জন্য, আমি নিজেও কিছু ভাড়াটে সৈন্যকে নিয়োগ দিই, যারা দাবি করেছিল তারা পথঘাট ভালো চেনে, এবং যারা সবার আগেই আমাকে পরিত্যাগ করেছিল।
পরবর্তী ঘটনাগুলো আমাদের প্রথম দিনের স্মৃতিসমূহকে এমন বিকৃত করে দিয়েছে যে, এখন সেগুলোকে সুবিন্যস্ত করা রীতিমতো অসম্ভব। আমি র্আসিনো থেকে যাত্রা শুরু করে উত্তপ্ত মরুভূমিতে প্রবেশ করি। আমরা ট্রগ্লোডাইটদের দেশ অতিক্রম করি যারা সাপ ভক্ষণ করে এবং যাদের মৌখিক যোগাযোগের কোনও ক্ষমতা নেই; গারামান্তাসদের ভূমিও পেরিয়ে যাই, যাদের নারীরা যৌথসম্পত্তি এবং যাদের খাদ্য সিংহ; পাড়ি দিই অগিলেরস্দের দেশ, যারা কেবল তারতারাস্কে পূজা করে। আমরা অপরাপর মরুভূমিও দৈর্ঘ্যে প্রস্থে চষে ফেলি―কালো বালির মরুভূমি, যেখানে পর্যটকদের রাত্রির প্রহরগুলোকে দখল করে নিতে হয়, কেননা দিনের উত্তাপ সেখানে অসহনীয়। দূর থেকে আমি পর্বতটাকে দেখতে পাই যার নামে এই মহাসমুদ্রের নামকরণ হয়েছে; তার ঢালুতে বিষের প্রতিষেধক ইউর্ফোবিয়া গজিয়ে থাকে, আর তার চূড়ায় বাস করে সাটিরেরা; বুনো, বর্বর ও কামসর্বস্ব এক জাতি। সেই সব বর্বর ভূমির কোলে, যেখানে পৃথিবী হচ্ছে দানবদের জননী, সেখানে একটি বিখ্যাত নগরের সংস্থান হতে পারে―সেটা আমাদের সবার কাছেই অচিন্ত্যনীয় মনে হচ্ছিল। ফলত আমরা আমাদের চলা অব্যাহত রাখি, কেননা পিছিয়ে পড়া মানে আমাদের নিজেদেরকেই অসম্মানিত করা। কয়েকজন, যারা কিছুটা ভীতু-প্রকৃতির, চাঁদের দিকে মুখ করে ঘুমিয়েছিল; দ্রুতই তারা জ্বরে পুড়ে যাচ্ছিল। কুয়োর শয়তানি জল পান করার সঙ্গে অন্যেরা উন্মাদনা ও মৃত্যুকেও পান করছিল। তারপর শুরু হলো পলায়ন; এর অল্প কিছু পরে বিদ্রোহ। তাদের দমনে আমি কঠোরতা অবলম্বনে দ্বিধা করিনি। সেদিক থেকে আমি যথাযথ কাজই করেছি, কিন্তু একজন শতবর্ষী আমাকে সাবধান করে দিয়েছিল এই বলে যে, (তাদের কোনও এক সদস্যের ক্রুশবিদ্ধ হবার বদলা নিতে) বিদ্রোহীরা আমাকে হত্যার ষড়যন্ত্র বুনছে। যে অল্প কজন সৈন্য তখনও আমার অনুগত ছিল আমি তাদেরকে নিয়ে শিবির থেকে পলায়ন করি; মরুভূমিতে, বালু ও বিশাল রাত্রির ঘূর্ণাবর্তে, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। একটি ক্রিটীয় তির আমার মাংস খুবলে নেয়। বেশ কিছুদিন আমি পানি না পেয়ে ঘুরে বেড়াই―অথবা রৌদ্র, তৃষ্ণা ও তৃষ্ণার ভয়ে বহুগুণ বড় হয়ে যাওয়া কোনও এক দীর্ঘ দিবসজুড়ে। আমি আমার যাত্রাপথের হদিস ঘোড়ার ইচ্ছের ওপর ছেড়ে দিই। ভোরবেলা দূরের দৃশ্যাবলি পিরামিড ও সুউচ্চ স্তম্ভের উপস্থিতিতে ঝকমক করে। আমি স্বপ্ন দেখি, অসহনীয়ভাবে, একটি ক্ষুদ্র ও সুশৃঙ্খল গোলকধাঁধার, যার কেন্দ্রে একটি কুয়ো বিদ্যমান; আমার হাত সেটি প্রায় স্পর্শ করতে পারে, আমার চোখ দেখতেও পারছে, কিন্তু তার বাঁকগুলো এতটাই প্যাঁচানো ও বিভ্রমভরা ছিল যে, আমি বুঝতে পারছিলাম সেখানে পৌঁছানোর আগেই আমি মারা যাব।
দুই
আমি যখন শেষমেষ সেই দুঃস্বপ্ন থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হই তখন দেখতে পাই পেছনে হাতবাঁধা অবস্থায় একটি কবরের সমান তির্যক পাথুরে গর্তে শুয়ে আছি, যা চুনা-পর্বতের ঢাল ঘষে বানানো। গর্তটির পাশগুলো ভেজা, এবং সময় ও মনুষ্যস্পর্শে মসৃণপ্রায়। আমি আমার বুকে এক যন্ত্রণাদায়ক কাঁপুনি অনুভব করি, এবং তৃষ্ণায় পুড়ে যেতে থাকি। আমি মাথা তুলি এবং দুর্বলভাবে চিৎকার করে উঠি। পর্বতের পাদদেশে একটি নিঃশব্দ, দূষিত ঝরনা বয়ে যাচ্ছিল, বালি ও বর্জ্যে বুজে আসা; দূরবর্তী তীরে সেই অদ্বিতীয় অমরাবতী সূর্যের প্রথম কিংবা শেষ রশ্মিতে ঝলমল করে। আমি দুর্গের প্রাকারবেষ্টনী, খিলান, ভবন প্রচ্ছদ, সভাচত্বর ইত্যাদি দেখতে পাই; এদের সবারই ভিত্তি ছিল একটি পাথুরে মালভূমি। আমার কবরটির মতোই আরও শত শত এলোমেলো পরিখায় পুরো পর্বত ও উপত্যকাভূমি আকীর্ণ হয়ে ছিল। বালিতে অগভীর গর্ত খোঁড়া হয়েছিল; সেই সব বিচ্ছিরি গর্তসমূহ থেকে, কবরগুলো থেকে, ধূসর চামড়ার অচর্চিত দাড়িশোভিত নগ্ন পুরুষেরা উঠে দাঁড়াচ্ছিল। আমার মনে হয় আমি তাদের চিনতে পারছিলাম : ‘তারা ট্রগ্লোডাইটদের সেই পশুবংশের সদস্য ছিল, যারা পারস্য উপসাগরের তীরভূমি ও ইথিওপিয়ার পার্বত্য কন্দরগুলোতে পতঙ্গের মতো বসবাস করে; তাদেরকে কথা বলতে না দেখে কিংবা সাপ গিলে খেতে দেখেও আমি মোটেও বিস্মিত হইনি।’
প্রাণঘাতী তৃষ্ণা আমাকে ভীত করে তোলে। আমি অনুমান করি বালি থেকে ত্রিশ কদম দূরে আমার অবস্থান; আমি চোখ বন্ধ করি এবং পর্বত থেকে নিজেকে নিচে ছুড়ে দিই, আমার হাত পেছনে বাঁধা। আমি আমার রক্তাক্ত মুখ নিয়ে কালো পানিতে গিয়ে পড়ি এবং তার মধ্যে পশুর মতো ঝাপটাতে থাকি। আরও একবার ঘুমে ও অজ্ঞানতায় ডুবে যাবার আগে আমি অব্যাখ্যেয়ভাবে কয়েকটি গ্রিক শব্দ আওড়াই : ‘জেলিয়া থেকে আগত, বিত্তশালী ট্রয়বাসী যারা কৃষ্ণ আইসেপ্সের জল পান করে …’
আমি বলতে পারব না আমার ওপর দিয়ে কত দিন কত রাত পার হয়ে গেছে। যন্ত্রণার্ত, গুহার আশ্রয়ে ফিরে যেতে অসমর্থ, অচেনা বালিতে পড়ে থাকা নগ্ন আমি, চাঁদ ও সূর্যকে আমার অন্ধকার ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিতে দিই। তাদের বর্বরতায় প্রায় শিশুপ্রতিম, ট্রগ্লোডাইটরা আমাকে বাঁচতে কিংবা মরতে সাহায্য করে না। বৃথাই আমি তাদের কাছে আমাকে মেরে ফেলার জন্য অনুনয় করি। একদিন, একটি পাথরের টুকরোর ধারাল প্রান্ত দিয়ে আমি আমার বাঁধন ছিঁড়ে ফেলি। এরপর আমি উঠে দাঁড়াই এবং চেয়ে নিতে কিংবা চুরি করতে সক্ষম হই আমি, মার্কাস ফ্লামিনিয়াস রুফাস, রোমের এক সামরিক বাহিনীর কর্মকর্তা―আমার মুখভরা বমনোদ্রেককারী প্রথম সাপের মাংস।
সেই অমরদের দেখার ব্যাগ্রতায়, সেই অতিমানবিক নগরটি দেখার বাসনায়, আমি মোটেও ঘুমুতে পারিনি। ট্রগ্লোডাইটরাও, যেনবা তারা আমার গন্তব্য দেখতে পাচ্ছিল কোনও দৈবক্ষমতায়, ঘুমাচ্ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম তারা বুঝি আমার ওপর নজরদারি করছে, পরে কল্পনা করি আমার এই অস্বস্তি তাদের মধ্যেও সঞ্চারিত হয়েছিল, যেমনটি কুকুরদের ক্ষেত্রে হয়ে থাকে। সেই বর্বর গ্রাম থেকে প্রস্থানের জন্য আমি সবচেয়ে প্রকাশ্য সময়টাকেই বেছে নিই, সূর্যাস্তের সময়কে, যখন প্রায় সকল মানুষ পৃথিবীর ফাঁকফোঁকর ও গর্তসমূহ থেকে বের হয়ে আসে, এবং না দেখার মতো করে পশ্চিমে চেয়ে থাকে। আমি জোরে জোরে প্রার্থনা করতে থাকি, যত না তাদের কাছ থেকে দৈবক্ষমতা পাবার প্রত্যাশায়, তার চেয়ে বেশি তাদেরকে উচ্চারিত শব্দের শক্তিতে ভীত করে তোলার জন্য। আমি বালির চাঙ্গরে বুজে যাওয়া জলস্রোত পার হয়ে সেই নগরের দিকে পা ফেলি। বিভ্রান্তের মতো দুটো কি তিনটে মানুষ আমাকে অনুসরণ করে, তারা দেখতে ছোটখাটো (তাদের প্রজাতির অপর সদস্যদের মতোই) এবং ভয়ের চাইতে বিকর্ষণের জন্ম দেয় বেশি। আমি বেশ কটি অসমান খোঁড়ল এড়িয়ে চলি, আমি যাদেরকে প্রাচীন খনি ভেবেছিলাম, নগরের বিশাল আকারে বিভ্রান্ত আমি তাকে আরও অনেক নিকটবর্তী ভেবেছিলাম। মাঝরাতের দিকে, আমি নগর-প্রাচীরের ছায়ার ওপর পা ফেলি―হলুদ বালির ওপর মূর্তিপ্রতিম আকারসমূহের উপস্থিতিতে উজ্জ্বল―। আমার পদক্ষেপগুলো এক ধরনের পবিত্র ভীতি দ্বারা স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই অদ্ভুতুড়ে মরুভূমি মানবজাতি কর্তৃক এতটাই ঘৃণিত ছিল যে, একজন ট্রগ্লোডাইট, যে আমাকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছিল, তা আমাকে উৎফুল্ল করে তোলে। আমি চোখ বন্ধ করে, না ঘুমিয়ে, ভোরের জন্য অপেক্ষা করি।
আমি বলেছিলাম যে নগরটি একটি পাথুরে মালভূমির ওপর নির্মিত ছিল। সেই মালভূমি, তার খাড়া পার্শ্বগুলোর কারণে, দেওয়ালের মতো তাতে আরোহণ করা কঠিন ছিল। বৃথাই তার চারপাশে হেঁটে বেড়ায় আমার ক্লান্ত পদযুগল, কালো ভিত্তিটুকু এক চিলতে অমসৃণতাও প্রকাশ করে না, এবং দেয়ালগুলোর বৈচিত্র্যহীনতা একটি দরজার সম্ভাবনাকেও রহিত করে। দিনের রৌদ্রের শক্তি আমাকে গুহার ভেতরে আশ্রয় নিতে বাধ্য করে; পেছনের দিকে একটি গর্ত ছিল, এবং সেই গর্ত থেকে, তার নিচের অন্ধকার থেকে, একটি মই উঠে গিয়েছিল। আমি মই বেয়ে নিচে নেমে যাই, এবং একগাদা গুমোট ঘরের জটলা পেরিয়ে একটি বিশাল বৈশিষ্ট্যহীন বৃত্তাকার প্রকোষ্ঠে প্রবেশ করি। নয়টি দরজা সেই পাতাল প্রকোষ্ঠের মতো ঘরের ভেতর খুলে গিয়েছিল, আটটা এমন এক গোলোকধাঁধায় নিয়ে যায়, যা লোক ঠকানোর মতো করে সেই একই ঘরেই ফিরে এসেছিল, আর নবমটি আরেক গোলোকধাঁধার ভেতর দিয়ে প্রথম প্রকোষ্ঠের মতো দেখতে আরেকটি গোলাকার ঘরে গিয়ে মিলেছিল। আমি ঠিক নিশ্চিত নই কয়টি প্রকোষ্ঠ ছিল সেখানে, আমার কষ্ট ও উদ্বেগ সেই সংখ্যাটাকে বাড়িয়ে তুলেছিল। নীরবতাটা ছিল শত্রুভাবাপন্ন, এবং কার্যত নিখুঁত, ফল্গুধারার মতো এক বায়ুস্রোত ছাড়া, যার উৎসটা আমি ঠিক বার করতে পারিনি, সেই পাথুরে গভীর জালিকাজুড়ে আর কোনও শব্দ ছিল না, এমন কি লোহাবর্ণ জলের যে সরু রেখাগুলো গর্তগুলোর ফাঁক দিয়ে বয়ে যাচ্ছিল, সেগুলোও ছিল নিঃশব্দ। ভয়ার্তভাবে আমি সেই সন্দেহজনক পৃথিবীতে অভ্যস্ত হয়ে উঠি, আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হতে থাকে যে, সেই নয়টি দরজাবিশিষ্ট পাতাল প্রকোষ্ঠ আর মাটির নিচেকার দীর্ঘ, আঁকাবাঁকা অলিন্দ ছাড়া আর কোনও কিছুর অস্তিত্ব থাকতে পারে। আমি জানি না কতক্ষণ আমি সেই মাটির তলায় অবস্থান করেছিলাম, আমি এটুকু জানি যে, মাঝে মাঝে, বাড়ির জন্য এক বিভ্রান্ত বাসনার মধ্যে আমি বর্বরদের সেই ভয়ংকর গ্রাম ও গুচ্ছ গুচ্ছ আঙ্গুরের মাঝখানে অবস্থিত আমার জন্মশহরকে গুলিয়ে ফেলেছিলাম।
বারান্দার শেষে, ততটা অপ্রত্যাশিত নয় এমন এক দেওয়াল আমার পথ রোধ করে―এবং এক দূরবর্তী আলো আমার ওপর এসে পড়ে। আমি আমার ঘোরলাগা চোখ তুলে ওপরে তাকাই, খাড়া অনেক ওপরে, এবং আমি একটি বৃত্তাকার আকাশ দেখি, এতটাই নীল যে তাকে বেগুনির মতো দেখায়। একটি সিঁড়ির ধাতব পাদানিসমূহ দেয়াল ধরে ওপরে উঠে যায়। ক্লান্তিতে আমার পেশি শিথিল হয়ে আসে, কিন্তু আমি তবু সিঁড়ি বেয়ে ওপরে উঠি, শুধু মাঝেমধ্যে একটু বিরতি নিই, অগোছালোভাবে আনন্দের কান্নাটুকু কাঁদবার জন্য। ধীরে ধীরে ত্রিকোণ খিলান, গম্বুজাকৃতি প্রলম্বিত ছাদ, স্তম্ভের ওপরের অংশ ও অলঙ্কৃত দেওয়াল দেখতে পাই আমি, গ্রানাইট ও মার্বেলে খোদাই করা বিভ্রান্ত গৌরব। আর এভাবেই আমাকে পরস্পরযুক্ত গোলকধাঁধা ও অন্ধকারের কালো জগৎ থেকে একটি উজ্জ্বল নগরের দিকে উঠে যেতে হয়।
আমি একটা ছোটখাটো চত্বরে গিয়ে নিষ্ক্রান্ত হই―উঠান শব্দটা বরং এর ভালো বর্ণনা করবে। এটা একটা একক দালান দ্বারা পরিবেষ্টিত ছিল, অসম কোণ ও অসমান উচ্চতাবিশিষ্ট। এই অসমসত্ত্ব দালানটির ছিল অনেকগুলো ক্ষুদ্রাকৃতি গম্বুজ ও স্তম্ভ, সেই অবিশ্বাস্য দালানটির অন্য যে কোনও বৈশিষ্ট্যের চেয়ে, আমি তার নির্মিতির প্রাচীনত্ব দ্বারা বেশি আবিষ্ট ছিলাম। আমার মনে হয়েছিল এটি বোধহয় মানবসভ্যতার আগে থেকেই অস্তিত্বশীল ছিল, খোদ পৃথিবীরও আগে থেকে। এর নিজস্ব প্রাচীনতা (যদিও চোখের জন্য তা কিঞ্চিৎ ভীতিকর) তার অমর নির্মাতাদের শ্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। প্রথমে সতর্কভাবে, সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা উদাসীনতায়, এবং শেষের দিকে মরিয়াভাবে আমি সেই গোলোকধাঁধাময় প্রাসাদের সিঁড়ি ও কারুকার্যখচিত মেঝেতে বিচরণ করি। (আমি পরে আবিষ্কার করি যে, সিঁড়ির ধাপগুলোর উচ্চতা ও প্রস্থ এক ছিল না; এটাই আমার সেই অস্বাভাবিক ক্লান্তির কারণ বলে মনে হয় আমার।) এই প্রাসাদটি দেবতাদের কাজ, এটি ছিল আমার প্রথম চিন্তা। আমি লোকমানবহীন পরিসরটি ঘুরে দেখি, এবং আমি নিজেকে সংশোধন করি; ‘যে-দেবতারা এই প্রাসাদটি বানিয়েছে তাঁরা মৃত।’ এরপর আমি তার উদ্ভটত্ব নিয়ে ভাবি এবং নিজেকে বলি : ‘যে-দেবতারা এই প্রাসাদটি বানিয়েছে তাঁরা উন্মাদ।’ আমি এটা বলি, আমি জানি, এক ধরনের দুর্বোধ্য তিরস্কারের স্বরে, যা প্রায় পরিতাপের কাছাকাছি ছিল―ইন্দ্রিয়জ ভীতির চেয়েও বৌদ্ধিক ত্রাস সহকারে। প্রাচীনতার অনুভূতির সঙ্গে আরও কিছু অনুভব যুক্ত হয় : শেষহীনতার বোধ, পীড়ন ও সন্ত্রাসের অনুভব, জটিল অযৌক্তিকতার অনুভূতি। আমি একটি অন্ধকার গোলকধাঁধার ভেতর দিয়ে এগিয়ে চলি, কিন্তু আমাকে যা ভয়ার্ত ও বিকর্ষিত করে সেটা সেই উজ্জ্বল অমরাবতী। গোলকধাঁধা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সচেতনভাবে তৈরি করা একটি ঘর; এর স্থাপত্য, সুষমতার পরাকাষ্ঠা সেই উদ্দেশ্য সাধন করে। আমি যে প্রাসাদটি অসম্পূর্ণভাবে আবিষ্কার করি সেখানে স্থাপত্যের কোনও উদ্দেশ্য ছিল না। তাতে কিছু বারান্দা ছিল যা কোথাও পৌঁছায় না, নাগাল পাওয়া যায় না এমন উঁচু জানালা, বিশাল নাটকীয় দরজা যা সন্ন্যাসকুঠুরি অথবা শূন্য গহ্বরে খুলে যেত, অবিশ্বাস্য হেঁটমুণ্ড সিঁড়ির হেঁটমুণ্ড ধাপ ও হাতল। অন্য সিঁড়িগুলি বিশালাকার এক দেওয়ালের পাশে বায়বীয়ভাবে লেগে থাকা, দুই তিনটা বিরতিভূমির পরেই ধীরে ধীরে ফুরিয়ে এসেছিল গম্বুজের সুউচ্চ অন্ধকারে, কোথাও না পৌঁছেই। আমি জানি না সেগুলো আক্ষরিক দৃষ্টান্ত কি না; তবে আমি জানি তারা দীর্ঘদিন আমার সমস্যাসঙ্কুল স্বপ্নদের মধ্যে অধিবাস করেছিল, আমি আর জানতে পারব না এর কোনও একটা বৈশিষ্ট্য বাস্তবের সঠিক অনুবাদ কি না অথবা তারা আমার স্বপ্ন থেকে ছাড়া পাওয়া কোনও আকৃতি মাত্র। এই নগর, আমি ভাবি, এতই ভয়ংকর যে এর অস্তিত্ব, এই সত্য যে, তা এতদিন ধরে টিকে আছে,―‘এমনকি এক মরুভূমির মাঝখানে―অতীত ও ভবিষ্যৎকে দূষিত করে দেয় এবং তারাদের অধিকার করে। এই নগর যতদিন থাকবে, পৃথিবীতে কেউই কোনওদিন সুখী কিংবা সাহসী হতে পারবে না।’ আমি তার বর্ণনা দিতে চাই না, অসমসত্ত্ব শব্দের নৈরাজ্য বাঘ কিংবা ষাঁড়ের শরীর, দাঁত, অঙ্গপ্রত্যঙ্গাদি একসঙ্গে আটকানো মাথায় উদ্ভাসিত অথচ পরস্পরকে ঘৃণারত―এটাই সম্ভবত এর নিকটবর্তী প্রতিরূপ হতে পারে।
আমি সেই পর্বগুলোর কথা মনে করতে পারি না যার ভেতর দিয়ে আমি ফিরে এসেছি, এমনকি সেই সমাধিসমূহের ধূলিধূসরিত, স্যাঁতসেঁতে পথের কথাও নয়। আমি কেবল জানি যে, আমার সঙ্গী ছিল এক সার্বক্ষণিক ভীতি, যে, আমি যখন শেষ গোলকধাঁধা থেকে নিষ্ক্রান্ত হব তখন আবারও এই বমনোদ্রেককারী অমরাবতী দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ব। এছাড়া আমি আর কিছু মনে করতে পারি না। এই স্মৃতির অবসান, এখন প্রায় অনতিক্রম্য, হয়তোবা ইচ্ছাকৃতই ছিল, এটা সম্ভবপর যে আমার পলায়নের পরিস্থিতি এতটাই অস্বস্তিকর ছিল যে, কোনও কোনও দিন স্মৃতির কাছে পরাজিত না হয়েও আমি সেসব আমার মন থেকে বহিষ্কার করে দিতে চাইতাম।
তিন
যাঁরা আমার এই অভিজ্ঞতার গল্প মন দিয়ে পড়েছেন তাঁরা মনে করতে পারবেন, ট্রগ্লোডাইট জাতির এক লোক আমাকে অনুসরণ করেছিল, একটি কুকুর যেভাবে করত, দেওয়ালের আঁকাবাঁকা ছায়ার মধ্য দিয়ে। আমি শেষ প্রকোষ্ঠ থেকে নিষ্ক্রান্ত হই, আমি তাকে গুহার মুখে দেখতে পাই। সে বালিতে শুয়ে ছিল, এলোমেলোভাবে কিছু প্রতীক এঁকে মুছে দিচ্ছিল, যে প্রতীকগুলোকে সাধারণত স্বপ্নে দেখা যায়, যা ঠিক বুঝে ওঠার মুহূর্তেই মুছে যায় কিংবা ঝাপসা হয়ে অদৃশ্য হয়ে যায়। প্রথমে আমি ভেবেছিলাম সেগুলো বুঝি কোনও বর্বরদের লেখালেখি; তারপর আমি উপলব্ধি করি, এটা অবাস্তব, যে কি না কথাই বলতে শেখেনি সে কীভাবে লিখতে শুরু করবে। এমনকি একটি প্রতীকের সঙ্গে আর একটি প্রতীকের কোনও মিলও ছিল না যা এই সম্ভাবনাকে নাকচ করে (অন্ততপক্ষে অসম্ভব করে তোলে) যে, তারা আদৌ কোনও প্রতীক। লোকটা কিছুু একটা আঁকতো, তারপর তার দিকে তাকাতো এবং সংশোধন করত। তারপর হঠাৎ, যেনবা তার এই খেলা তাকে বিরক্ত করছে এই বোধে, সে সেসব তার হাতের তালু দিয়ে মুছে দিত। সে আমার দিকে তাকায়, যদিও মনে হয় না সে আমাকে চিনতে পেরেছে। তবু এই যে পরিত্রাণের অনুভূতি (অথবা আমার নিঃসঙ্গতা এতটাই বিশাল ও ভয়াবহ ছিল যে) আমি বোধ করি, তাতে মনে হয় এই আদিম ট্রগ্লোডাইট গুহার মেঝে থেকে যে আমার দিকে চেয়ে আছে, সে বুঝি আমার জন্য অপেক্ষাই করছিল। সূর্য সমতলভূমিকে উষ্ণ করে তুলছিল, আমরা গ্রামে ফিরতে শুরু করি, সন্ধ্যার প্রথম তারাদের নিচ দিয়ে, বালি আমাদের পদতল পুড়িয়ে দিচ্ছিল। ট্রগ্লোডাইটটি আমার আগে আগে হাঁটছিল, সে রাতে আমি সিদ্ধান্ত নিই তাকে কয়েকটা শব্দ এবং সেগুলোকে পুনরাবৃত্তি করতে শেখাব। কুকুর ও ঘোড়ারা, আমি ভাবি, প্রথমটা করতে সক্ষম; কিছু কিছু পাখি, যেমন সিজারের ময়না, দ্বিতীয়টাও পারত। মানুষের যুক্তি যত সামান্যই হোক সেটা অযৌক্তিক পশুদের চেয়ে অবশ্যই বেশি হতে বাধ্য।
ট্রগ্লোডাইটের নিচুজন্ম এবং জীবনযাপন আমার স্মৃতিতে র্আগোসের ছবিকে জাগিয়ে তোলে, ওডিসির সেই মৃত্যুমুখী বৃদ্ধ কুকুরটির ছবি, ফলত আমি তাকে র্আগোস নাম দিই এবং তাকে কিছু শেখাতে চেষ্টা করি। বারবার চেষ্টা করেও আমি ব্যর্থ হই। আমি যত চেষ্টাই করি না কেন, যত পদ্ধতি, যত গোয়ার্তুমি ও যত কঠোরতা―কোনওটাই কাজ দেয় না। গতিহীন, তার চোখ মৃতপ্রায়, আমি যে শব্দগুলোকে তার চেতনায় গেঁথে দিতে চাইছিলাম সেগুলো সে আদৌ বুঝতে পারছিল না। আমার কাছ থেকে মাত্র কয়েক গজ দূরে, কিন্তু তাকে মনে হচ্ছিল অনেক দূরবর্তী। বালিতে শুয়ে থাকা, লাভা থেকে তৈরি ক্ষুদ্র কিন্তু আহত স্ফিঙ্ক্সের মতো, সে তার মাথার ওপর স্বর্গকে আবর্তন করতে দেয় সকালের প্রথম ঘোলাটে আলো থেকে রাতের শেষ ঘোলাটে আলো পর্যন্ত। এটা আমার কাছে স্রেফ অসম্ভব বলে মনে হয় যে, সে আমার উদ্দেশ্যটা বুঝতে পারছিল না। আমার মনে পড়ে, ইথিওপিয়ানরা সাধারণভাবে বিশ্বাস করে বানরেরা ইচ্ছা করেই কথা বলে না, যেন তাদেরকে কাজ করতে বাধ্য করা না যায়; আমি র্আগোসের এই নীরবতাকেও ভীতি কিংবা অবিশ্বাসপ্রসূত বলে ধারণা করি। সেই জীবন্ত ছবি থেকে আমি আরও অনেক দৃশ্য কল্পনা করি, এর চেয়েও অনেক বেশি জমকালো। আমি ভাবি যে, আমি ও র্আগোস দুই ভিন্ন বিশ্বে বসবাস করি; আমি এও ভাবি আমাদের ধারণাগুলো একই, কিন্তু সেগুলোকে র্আগোস আমার চাইতে ভিন্নভাবে জড়ো করে, সেগুলো থেকে সে ভিন্ন বস্তুদের তৈরি করে; আমি ভাবি যে, হয়তো তার কাছে বস্তু বলেই কোনও জিনিস নেই, কেবল নিরন্তর মাথা-ঘোরানো গতিময় ধারণাসমূহের খেলা। আমি সময় ও স্মৃতিরহিত এক পৃথিবীর কল্পনা করি; আমি একটি ভাষার সম্ভাবনা নিয়ে খেলা করি যার কোনও বিশেষ্য নেই, যাতে আছে শুধু নৈর্ব্যক্তিক ক্রিয়াপদ এবং অপ্রত্যাখ্যানযোগ্য বিশেষণসমূহ। এইসব ভাবনায় বহুদিন চলে যায়, এবং বহু দিনের সঙ্গে যায় বহু বছর। তারপর এক সকালে অনেকটা আনন্দের অনুভূতির মতো কিছু একটা ঘটে―আকাশ থেকে ধীর কিন্তু শক্তিশালী বৃষ্টির ধারা নামে।
মরুভূমিতে রাতগুলো স্থির ও শীতল হয়, কিন্তু সে রাতটি ছিল বলক ওঠা পাত্রের মতো উত্তপ্ত। আমি স্বপ্ন দেখি, থেসালির একটি নদী (যে নদীতে আমি একটি সোনালি মাছ ধরে পুনরায় ছেড়ে দিয়েছিলাম) আমাকে বাঁচাতে আসছে; লাল বালি ও কালো শিলার ওপর দিয়ে তার অগ্রসর হবার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম; বাতাসে শীতল অনুভূতি ও বৃষ্টির ছুটে চলার শব্দ আমাকে জাগিয়ে দেয়। আমি নগ্ন শরীরে তাকে আহ্বান জানানোর জন্য ছুটে যাই। রাত শেষ হয়ে আসছিল; হলুদ মেঘেদের নিচে, সেই গোষ্ঠী, আমারই মতো আনন্দিত, জীবন্ত বৃষ্টির ধারার কাছে নিজেদের সমর্পণ করছিল এক ধরনের উল্লাস থেকে―তারা আমাকে দেবতায় পাওয়া করিবান্তেস নর্তকদের কথা মনে করিয়ে দেয়। র্আগোস, তার চোখ আকাশের ওপর নিবদ্ধ, গোঁ গোঁ শব্দ করছিল, জলের ধারা গড়িয়ে পড়ছিল তার মুখ বেয়ে―শুধু বৃষ্টি নয়, (আমি পরে জেনেছিলাম) কান্নার জলও। আমি চিৎকার করে বলি, ‘র্আগোস, র্আগোস!’
তারপর মৃদু বিস্ময়ে, যেন বা বহুদিন ধরে হারিয়ে যাওয়া বিস্মৃত কিছুকে আবিষ্কার করার আনন্দে র্আগোস তোতলানোর মতো করে বলে : ‘র্আগোস, ইউলিসিস, কুকুর।’ এবং তারপর আমার দিকে না তাকিয়ে আরও বলে, এই কুকুরটি বিষ্ঠার স্তূপে শুয়ে আছে।’
আমরা বাস্তবতাকে এত দ্রুত গ্রহণ করে ফেলি―সম্ভবত আমরা ভাবি যে, বাস্তব বলে কিছুই নেই। আমি র্আগোসকে জিজ্ঞাসা করি সে ওডিসির কতটুকু জানে। গ্রিক বুঝতে তার কষ্ট হচ্ছিল, আমি তাই প্রশ্নটির পুনরাবৃত্তি করি।
খুব কম, সে উত্তর দেয়। লাজুকতম আবৃত্তিকারটির চেয়েও কম। আমি এটা লেখা শেষ করার পর এগারোশো বছর কেটে গেছে।
চার
সেই দিন আমার কাছে সব উদ্ঘাটিত হয়। ট্রগ্লোডাইটরাই আসলে সেই অমর মানুষেরা; বালিভরা জলের ধারাটিই অশ্বারোহী কর্তৃক খুঁজে ফেরা সেই নদীটি। আর সেই নগর যার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল গঙ্গা অবধি, নয়শো বছর আগে এই অমর জাতি তা ধূলিসাৎ করে দিয়েছিল। নগরের বিক্ষিপ্ত ধ্বংসাবশেষ থেকে একই জায়গায় তারা সেই অসমঞ্জস শহরটি গড়ে তুলেছিল আমি যার ভেতর দিয়ে হেঁটে বেড়িয়েছি, নগরের সাক্ষাৎ বিপরীত প্যারোডি, যা সেই সব যুক্তিহীন দেবতার মন্দির ছিল যারা পৃথিবী শাসন করত এবং যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না শুধু এইটুকু ছাড়া যে, তারা মানুষের মতো দেখতে নয়। এই নগরের প্রতিষ্ঠা ছিল শেষতম প্রতীক, যে অবধি অমরেরা অবতরণ করেছিল, যখন তারা সমস্ত পরিশ্রমকে বৃথা মনে করে চিন্তায় ও বিশুদ্ধ কল্পনায় বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল। তারা সেই আত্মরক্ষামূলক আশ্রয়ঘরটি নির্মাণ করেছিল, তারপর তা পরিত্যাগ করে তারা গুহায় বাস করতে চলে গিয়েছিল। তাদের আত্মমগ্নতায় তারা দৈহিক পৃথিবীর কথা খুব কমই ভেবেছিল।
এই বিষয়গুলো হোমার আমার কাছে ব্যাখ্যা করেছিলেন যেভাবে শিশুর কাছে তা ব্যাখ্যা করা হয়। তিনি আমাকে তাঁর বৃদ্ধ বয়স এবং তাঁর সেই সর্বশেষ যাত্রার কথা বলেছিলেন―ইউলিসিসের মতো সেই জাতিগোষ্ঠীর কাছে পৌঁছানোর তাড়নায়, যারা সমুদ্র কাকে বলে জানে না, যারা লবণাক্ত মাংস খায় না, তারা জানে না একটি আকরিক আসলে কী। তিনি এক শতাব্দী সেই অমরাবতীতে বাস করেছিলেন, এবং যখন তা ধ্বংস করে দেওয়া হয়েছিল তখন তিনিই এই অপর নগরীটি নির্মাণের পরামর্শ দিয়েছিলেন। আমাদের এতে বিস্মিত হওয়া উচিত নয়, গুজব আছে যে ইয়নের যুদ্ধগীতি গাওয়ার পর তিনি ব্যাঙ ও ইঁদুরের মধ্যকার যুদ্ধের গানও গেয়েছিলেন। তিনি এমন এক দেবতার মতো ছিলেন যিনি মহাজগৎ তৈরি করার পর তার নৈরাজ্যটুকুও সৃষ্টি করেছিলেন।
অমর হওয়াতে তেমন অসাধারণ কিছু নেই; মানবজাতি ছাড়া, আর সব সৃষ্টিই তো অমর, কেননা তারা মৃত্যু কাকে বলে কিছুই জানে না। যেটা স্বর্গীয়, সাংঘাতিক ও দুবোর্ধ্য সেটা হচ্ছে নিজেকে অমর হিসেবে জানা। আমি লক্ষ করেছি যে ধর্ম সত্ত্বেও, নিজের অমরতা বিষয়ে বিশ্বাস খুবই দুর্লভ। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সবাই অমরত্বের বিশ্বাস প্রচার করে, তবে জীবনের প্রথম শতাব্দীটির প্রতি শ্রদ্ধাবোধ এটাই প্রমাণ করে যে, তারা সেই একশত বছরকেই বিশ্বাস করে বেশি, বাকি বছরগুলোকে, শাশ্বতকাল ধরে জীবৎকালের কাজের শাস্তি কিংবা পুরস্কার হিসেবে দেখে। আমার মতে হিন্দুস্তানের কয়েকটি ধর্মের চর্চিত চক্র প্রতীকটি বরং যৌক্তিক, সেই চাকা যার কোনও শুরু কিংবা শেষ নেই, প্রতিটি জীবনই তার আগের জীবনের ফল এবং ভবিষ্যৎ জীবনের নিয়ামক, তবু কোনও একটি জীবন পুরোটিকে নির্ধারণ করে না…। শতাব্দীসমূহের জীবনযাপনের শিক্ষায়, অমর মানুষের প্রজাতন্ত্র এমন এক সহিষ্ণুতা অর্জন করে যা প্রায় বিবমিষাতুল্য। তারা জানত যে দীর্ঘ সময়ের এক জীবনে, সব মানুষের জীবনেই সবকিছু ঘটে। তার অতীতের ও বর্তমানের গুণাবলির পুরস্কার স্বরূপ, প্রতিটি মানুষের প্রতিটি দয়াই প্রাপ্য হয়, আবার তার অতীতের ও ভবিষ্যতের প্রতিটি অসততার পুরস্কার স্বরূপ প্রতারণাও জোটে। ভাগ্যের খেলায় যেমন, মাথা ও লেজ প্রায় সমানভাবেই পড়ে, সেভাবেই চতুরতা ও নিষ্প্রাণতা একে অপরকে বাতিল ও সংশোধন করে। এল সিদের অভব্য কবিতাটিই সম্ভবত হেরাক্লিটাসের কোনও প্রবাদ কিংবা এক্লগসমূহের একটি স্তবকের দাবি করা প্রতিসাম্য। সবচেয়ে অস্থায়ী চিন্তাগুলিরও একটি অদৃশ্য পরিকল্পনা থাকে, যা একটি গোপন নকশাকে উদ্বোধন অথবা মুকুট-শোভিত করে। আমি এমন মানুষদের জানি যারা শয়তানি করেছে যেন ভবিষ্যৎ শতাব্দীতে ভালো কিছু ঘটে তা থেকে, বা হয়তো বা তা অতীতের শতাব্দীতে ঘটে গেছে ইতোমধ্যে…। এভাবে দেখলে আমাদের প্রতিটি কাজই ন্যায্য, যদিও গুরুত্বহীনও বটে। সেখানে কোনও আত্মিক কিংবা বুদ্ধিবৃত্তিক মূল্য নেই। হোমার ওডিসি রচনা করেছিলেন; অনন্ত সময়, অসংখ্য ঘটনাবলি ও প্রচুর পরিবর্তনের সাপেক্ষে, এটা অসম্ভব যে ওডিসির কমপক্ষে একবারই রচিত হওয়া উচিত হয়নি। কেউই কেউ নয়, একজন একক অমর মানুষ সকল মানুষ। কর্নেলিয়াস আগ্রিপ্পার মতো আমিই ঈশ্বর, নায়ক, দার্শনিক, দৈত্য, এবং পৃথিবী―যা মূলত এই কথা বলারই একটি দীর্ঘ সর্পিল পথ যে, আমি নই।
পৃথিবীকে একটি নিখুঁত প্রতিদানের ব্যবস্থা হিসেবে দেখার ধারণাটুকু অমরদের ওপর প্রচণ্ড প্রভাব ফেলেছিল। প্রথমত এটি তাদেরকে করুণা বিষয়ে প্রতিরোধী করে তুলেছিল। আমি উল্লেখ করেছি সেই প্রাচীন পাথরখনির কথা যেগুলি জলধারার দূরবর্তী তীরগুলোতে ভিড় করেছিল; একটি মানুষ সেরকমই একটি গভীর গর্তে পড়ে গিয়েছিল; তার আহত হবার, মরে যাবার উপায় ছিল না; তবু সে তৃষ্ণায় পুড়ে যাচ্ছিল, সত্তর বছর লেগেছিল তার দিকে একটি দড়ি ছুড়ে দিতে। সে তার নিজের ভাগ্য বিষয়েও খুব একটা আগ্রহী ছিল না। তার শরীর ছিল একটি সমর্পিত গৃহপালিত পশু, সারা মাসে তার যেটুকু দাক্ষিণ্যের প্রয়োজন হত তা কেবল কয়েক ঘণ্টার ঘুম, সামান্য পানি এবং এক টুকরো মাংস। কিন্তু কেউ যেন না ভাবে যে আমরা সাধু-সন্ন্যাসীদের মতো ছিলাম। চিন্তার মতো জটিল সুখানুভূতি আর কিছু নেই, এবং আমরা সেই চিন্তার কাছে নিজেদের সমর্পণ করে দিয়েছিলাম। মাঝেমধ্যে কিছু অসাধারণ প্রণোদনা আমাদেরকে মর্ত্যের পৃথিবীতে ফিরিয়ে আনত―যেমন ধরুন সেদিন সকালের সেই প্রাচীন মৌলিক বৃষ্টির আনন্দ। তবে সেই শৈথিল্যগুলো ছিল খুবই দুর্লভ; সকল অমরই ছিল নিখুঁত নৈঃশব্দ্যে সক্ষম। আমি একজনের কথা মনে করতে পারি যাকে কোনও দিন আমি দাঁড়ানো অবস্থায় দেখিনি―তার বুকে একটি পাখি বাসা বেঁধেছিল।
এমন কোনও জিনিস নেই যা অপর একটি বস্তু কর্তৃক তার ভারসাম্য রক্ষা করছে না, এই মতবাদের অনুসিদ্ধান্তসমূহের মধ্যে একটি আছে যার তাত্ত্বিক গুরুত্ব তেমন না হলেও, যা আমাদেরকে দশম শতাব্দীর শুরু কিংবা শেষের দিকে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়তে বাধ্য করে। এটির সারমর্ম এই শব্দগুলো দ্বারা প্রকাশ করা যেতে পারে : ‘একটি নদী রয়েছে যা অমরত্ব প্রদান করে; অন্যত্র কোথাও নিশ্চয়ই এমন একটি নদী রয়েছে যা অমরত্বকে কেড়ে নেয়।’ নদীদের সংখ্যা অসীম নয়; একজন অমর পর্যটক পৃথিবী ভ্রমণরত অবস্থায় একদিন না একদিন সেই সবগুলো থেকেই জলপান করে। আমরা সেই নদীটি খুঁজে বার করার প্রতিজ্ঞা করি।
মৃত্যু (অথবা মৃত্যুর উল্লেখ) মানুষকে মূল্যবান ও শোচনীয় করে তোলে; তাদের ভৌতিকতা আমাদেরকে স্পর্শ করে; যে কাজই তারা করে সেটি তার সর্বশেষ কাজ হতে পারে; এমন কোনও মুখ নেই যা স্বপ্নের মুখগুলোর মতো মুহূর্তের মধ্যে মিলিয়ে কিংবা মুছে যেতে সক্ষম নয়। মরণশীলদের পৃথিবীতে প্রত্যেকটি জিনিসই পুনরুদ্ধার-অযোগ্য ও নৈমিত্তিকতার গুণসম্পন্ন। অন্যদিকে, অমরদের মধ্যে প্রতিটি কাজ (প্রতিটি চিন্তা) অতীতে ঘটে যাওয়া জিনিসগুলোর প্রতিধ্বনি, কোনও দৃশ্যমান আরম্ভ ছাড়া, এবং ভবিষ্যতেও যা অসীমকাল ধরে ঘটতে থাকবে তারই নিশ্চিত পূর্বাভাস। এমন কিছুই নেই যা অক্লান্ত আয়নাসমূহের মধ্যে হারিয়ে যায়নি। একবারের বেশি ঘটতে পারে না কিছুই, মূল্যবান কোনও কিছুই হারিয়ে যাবার ভয় থেকে মুক্ত নয়। প্রশস্তিবাচক, ভাবগম্ভীর, আনুষ্ঠানিকতার মতো ধারণাগুলোকে অমরেরা শ্রদ্ধার চোখে দেখে না। তাঞ্জিয়ারের তোরণগুলো থেকে আমি ও হোমার আলাদা পথে যাত্রা করি; আমার মনে হয় না আমরা পরস্পরকে বিদায় বলেছিলাম।
পাঁচ
আমি নতুন নতুন অঞ্চল ও রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। ১০৬৬ সালের শরৎকালে আমি স্ট্যামফোর্ড ব্রিজে যুদ্ধ করি, যদিও আমার মনে নেই আমি হ্যারল্ডের সৈন্যদের মধ্যে ছিলাম কি না, দ্রুতই যার সাক্ষাৎ হয়েছিল নিয়তির সঙ্গে; না কি সেই দুর্ভাগা হ্যারাল্ড হার্ড্রাডার দলে, যে কি না ছয় ফুট অথবা সামান্য বেশি ইংরেজদের জমি দখল করতে পেরেছিল। হিজরি সপ্তম শতাব্দীতে, বুলাকের নগরপ্রান্তে, খুব সুচিন্তিত লিপিতে আমি সিন্দবাদের সাত সফর ও ব্রাস নগরের গল্প লিখেছিলাম এমন এক ভাষায় যা আমি ভুলে গিয়েছি, এমন এক বর্ণমালায় যা আমি জানি না। সমরকন্দের এক কারাগারের উঠানে আমি প্রায়ই দাবা খেলতাম। বিকানিরে আমি হস্তরেখাবিদ্যা শিখিয়েছিলাম, যেমনটি করেছিলাম বোহেমিয়াতেও। ১৬৩৮ সালে আমি কল্জ্ভারে ছিলাম এবং পরে লাইপজিগে। অ্যাবারডিনে, ১৭১৪ সালে, আমি পোপের ছয় খণ্ডের ইলিয়াডের গ্রাহক হই; আমি জানি আমি প্রায়শই সেগুলো আনন্দের সঙ্গে পাঠ করতাম। ১৭২৯ কি তেমন সময়ে আমি সেই কবিতার উৎস নিয়ে আলাপ করেছিলাম অলংকারশাস্ত্রের এক অধ্যাপকের সঙ্গে, যার নাম আমার মনে হয় গিয়ামবাতিস্তা, যার যুক্তিগুলো আমার কাছে অখণ্ডনীয় মনে হয়েছিল। ১৯২১ সালের চৌঠা অক্টোবর, ‘পাটনা’ জাহাজটি যা আমাকে বোম্বাই নিয়ে যাচ্ছিল, ইরিত্রিয়ার উপকূলের এক বন্দরে আটকে যায়।১ আমি তখন নেমে পড়ি, সেখানে আমার মনে আসে দূর অতীতের অন্য কিছু সকালের কথা, যখন আমি রেড সির দিকে তাকিয়ে থাকতাম―যখন আমি রোমান সৈন্যদলের অংশ ছিলাম, এবং জ্বর, জাদু ও নিষ্ক্রিয়তা সৈন্যদেরকে গ্রাস করছিল। শহরের বাইরে আমি একটি ঝরনা দেখি, অভ্যাসের অনুবর্তী হয়ে আমি তার স্বচ্ছ জল পান করি। আমি তার পার্শ্ববর্তী খাড়া তীর বেয়ে ওঠার সময় আমার হাতের উল্টো দিক ছড়ে গিয়েছিল একটি কাঁটাঅলা গাছের ঘষায়। অপরিচিত ব্যথাকে মনে হচ্ছিল অতিরিক্ত যন্ত্রণাদায়ক। অবিশ্বাসপ্রবণ, বাকরুদ্ধ, এবং আনন্দিত আমি একটি মূল্যবান রক্তবিন্দুর ধীর বিকাশকে অবলোকন করি। আবারও মরণশীল আমি, আমি নিজেকে বারবার করে বলি, ‘আবারও আমি অন্য সব মানুষের মতো।’ সে রাতে আমি ভোর পর্যন্ত ঘুমাই।
… এক বছর অতিক্রান্ত হয়েছে, এবং আমি পৃষ্ঠাগুলো আবারও পাঠ করি। আমি প্রত্যয়ন করতে পারি যে, তারা সত্যের সীমানা থেকে বিচ্যুত হয় না, যদিও প্রথম অধ্যায়গুলোতে এবং এমনকি অন্যগুলোরও কিছু স্তবকে, আমার বিশ্বাস আমি কিছুটা মিথ্যাচার চিহ্নিত করতে পারি। সেটা সম্ভবত পরিপার্শ্বগত তথ্যাদির অতিরিক্ত সমাহারের জন্য, এক ধরনের লেখার রীতি যা আমি কবিদের কাছ থেকে শিখেছি; এটা এমন এক পদ্ধতি যা সবকিছুকে মিথ্যা দ্বারা সংক্রমিত করে, কেননা সেখানে হয়তো ঘটনায় সুপ্রচুর খুঁটিনাটি রয়েছে, কিন্তুতে স্মৃতিতে নয়…। তবে আমি বিশ্বাস করি আমি আরেকটি অধিকতর ব্যক্তিগত ও আত্মগত কারণ আবিষ্কার করি। আমি এটি প্রকাশ করব, কিছু আসে যায় না যদি এতে করে আমাকে বাস্তবতাবর্জিত স্বপ্নচারী বলে বিচার করা হয়।
‘আমি যে গল্পটি বলেছি সেটাকে অবাস্তব বলে মনে হয় কেননা দুইজন আলাদা মানুষের অভিজ্ঞতাগুলো এখানে মিলেমিশে যায়।’ প্রথম অধ্যায়ে ঘোড়সওয়ার জানতে চায় থিবির দেওয়ালের ধার ঘেঁষে বয়ে যাওয়া নদীটির নাম; ফ্লামিনিয়াস রুফাস, যে এই শহরের ওপর ‘শততোরণের নগর’ উপাধি অর্পণ করে, তাকে বলে যে, নদীটির নাম ইজিপ্ট; এই দুটো বিবৃতির কোনওটিই তার নয়, বরং হোমারের, যিনি ইলিয়াডে ‘থিবিস হেকাটম্পিলোস’-এর কথা পরিষ্কারভাবে উল্লেখ করেন, এবং যিনি ওডিসিতে, প্রোটিয়াস ও ইউলিসিসের বয়ানে নাইল নদীকে ইজিপ্ট বলেন। দ্বিতীয় অধ্যায়ে রোমান যখন অমরত্বের জল পান করে তখন সে দুয়েকটি গ্রিক শব্দ উচ্চারণ করে। সেগুলোও হোমারেরই শব্দ, যা জাহাজসমূহের বিখ্যাত তালিকার শেষে পাওয়া যাবে। পরে সেই ঘোর লাগানো প্রাসাদে সে এক প্রকার ‘অসন্তুষ্টির কথা বলে যা প্রায় অনুতাপের সমান’, সেই শব্দগুলোও হোমারের, যিনি এমন এক আতঙ্কের পূর্বাভাস পেয়েছিলেন। এই অসঙ্গতিগুলো আমাকে পীড়িত করেছিল; অন্যগুলো, এক ধরনের শৈল্পিক প্রকৃতির, আমাকে সত্য আবিষ্কারে সহায়তা করেছিল। এই শেষোক্ত ধরনের সূত্রগুলোকে শেষ অধ্যায়ে পাওয়া যেতে পারে, যেখানে বলা আছে আমি স্ট্যামফোর্ড ব্রিজে লড়াই করেছি, বুলাকে সিন্দবাদের নাবিকের সফরের গল্প লিখেছি, এবং অ্যাবারডিনে আমি পোপের ইংরেজি ইলিয়াডের গ্রাহক হয়েছি। সেই লেখা বলে, অন্য আরও কিছুর সঙ্গে, ‘বিকানিরে আমি হস্তরেখাবিদ্যা শিখিয়েছি, যেমনটি শিখিয়েছি বোহেমিয়াতে।’ এই দুটো বিবৃতির কোনওটিই মিথ্যে নয়, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রামাণিকতার জন্য এই দুটো তথ্যকে বেছে নেবার বিষয়টুকু। প্রথমটিকে একজন যুদ্ধের মানুষের জন্য উপযুক্ত মনে হয়, কিন্তু তারপর দেখা যায় বর্ণনাকারী যুদ্ধের বিষয়ে খুব কমই মনোযোগ দিচ্ছেন, বরং মানুষের ভাগ্যের ব্যাপারে বেশি। যে ‘সত্যগুলো’ এর পরে আসে সেগুলো আরও কৌতূহলোদ্দীপক। একটি গূঢ় এবং মৌলিক কারণে আমি সেগুলো কাগজে লিখে রাখি : আমি জানি সেগুলো শোচনীয় ছিল। সেগুলো যখন রোমান ফ্লামিনিয়াস রুফাস কর্তৃক বর্ণিত হয়েছিল তখন শোচনীয় ছিল না, শোচনীয় হয়ে ওঠে যখন হোমার সেগুলো বর্ণনা করেন। এটা অদ্ভুত যে হোমার, ত্রয়োদশ শতাব্দীতে, সিন্দবাদের অভিযানের কথাগুলো লিখে রেখেছিলেন―আরেক ইউলিসিস―এবং আবার বহু শত বছর পরে তাঁর ইলিয়াডের মতোই কিছু আঙ্গিক আবিষ্কার করেছিলেন এক উত্তুরে রাজ্যের বর্বর ভাষায়। ‘বিকানির’ লেখা বাক্যটির ক্ষেত্রে দেখা যাবে একজন বিদ্বান ব্যক্তি (সেই জাহাজের তালিকার লেখকের মতো) কর্তৃক সেটি লিখিত হয়েছিল, চমকপ্রদ শব্দাবলি রচনার বাসনা ছিল যাঁর।২
সমাপ্তি যখন ঘনিয়ে আসছে তখন স্মৃতিতে কোনও ছবি নেই আর―সেখানে কেবল শব্দ। এটা অস্বাভাবিক নয় যে সময় হয়ত তাদেরকে বিভ্রান্ত করেছে যারা আমাকে বর্ণনা করেছিল সেইসব দিয়ে যেগুলো আসলে ‘সেই মানুষটির নিয়তির প্রতীক ছিল, যে আমাকে এতগুলো শতাব্দী ধরে সঙ্গ দিয়েছিল।’ আমি হোমার ছিলাম; দ্রুতই, ইউলিসিসের মতো, আমি হয়ে পড়ব কেউ-না; দ্রুতই আমি হয়ে পড়ব যে কোনও মানুষ, আমি হয়ে যাব মৃত।
পুনশ্চ (১৯৫০) : পূর্বতন প্রকাশনা দ্বারা অনুপ্রাণিত ধারাভাষ্যসমূহের মধ্যে সবচেয়ে আগ্রহোদ্দীপক (সবচেয়ে পরিশীলিত না হলেও) যেটি, তার একটি বাইবেলীয় শিরোনাম ছিল, ‘অনেক রঙের একটি প্রলেপ’ (ম্যানচেস্টার ১৯৪৮); এটি ড. নাহুম কর্ডোভেরোর সেই চূড়ান্তরকম ধৈর্যশীল কলমের কাজ, যার দৈর্ঘ্য প্রায় শতপৃষ্ঠা। এটি গ্রিক সংকলনসমূহের কথা বলে, দূরবর্তী লাতিন সংকলনের কথা, বলে সেই বেন জনসনের কথা যিনি তাঁর সমসাময়িকদের সংজ্ঞায়িত করেছিলেন সেনেকা ও আলেক্সান্ডার রসের ভার্জিলিয়াস ইভানজেলিসান্স-এর উদ্ধৃতি, জর্জ মুর ও এলিয়টের চাতুর্য, এবং সবশেষে ‘দুর্লভ বইয়ের ব্যবসায়ী জোসেফ কার্টাফিলিয়াস বিষয়ক গল্পের দ্বারা।’ প্রথম অধ্যায়ে এটি প্লিনির কিছু সংক্ষিপ্ত সংযুক্তির উল্লেখ করে (হিস্তোরিয়া নাতুরালিস, খণ্ড: ৮); দ্বিতীয় অধ্যায়ে টমাস দ্য কিন্সির রচনার (রাইটিংস, তৃতীয় খণ্ড : ৪৩৯); তৃতীয় অধ্যায়ে রাষ্ট্রদূত পিয়ের শান্যুকে লেখা দেকার্তের একটি চিঠির; চতুর্থ অধ্যায়ে বার্নার্ড শ এর (ব্যাক টু মেথুসেলা, ৫)। সেইসব ‘আগ্রাসন’ (অথবা চৌর্যকর্ম) এর দৃষ্টান্ত থেকে তা এই সিদ্ধান্তে উপনীত হয় যে, পুরো দলিলটিই আসলে মেকি, যদিও সত্য বলে প্রচারিত।
আমার চিন্তাপদ্ধতি অনুসারে এই উপসংহার গ্রহণযোগ্য নয়। সমাপ্তি যখন আসন্ন, কার্তাফিলাস লিখছেন, ‘সেখানে স্মৃতিতে আর কোনও ছবি নেই, কেবলই শব্দ।’ শব্দ, শব্দ, প্রসঙ্গ থেকে বিচ্যুত এবং দলিতমথিত শব্দ, অন্যদের কাছ থেকে নেওয়া শব্দ―সেগুলোই ছিল ঘণ্টাসমূহ ও শতাব্দীদের দান করা রসদ তাঁর।
সেসিলিয়া ইনহেনিয়েরসের জন্য
১. পাণ্ডুলিপির অংশবিশেষ ঘষে তুলে ফেলা হয়েছে এখানে, বন্দরের নামটি হয়তো মুছে গেছে।
২. এর্নেস্তো সাবাতো বলেন, যে ‘জিয়ামবাতিস্তা’ ইলিয়াডের উৎপত্তি বিষয়ে আলোচনা করেছেন দুর্লভ বইয়ের ব্যবসায়ী কার্তাফিলাসের সঙ্গে তিনি আসলে জিয়ামবাতিস্তা ভিকো, সেই ইতালিয়ান যিনি এই তত্ত্বকে সমর্থন করেছিলেন যে, হোমার প্লুতো কিংবা একিলিসের মতোই একটি প্রতীকী চরিত্র।
সচিত্রকরণ : ধ্রুব এষ



