আর্কাইভগল্প

গল্প : জানালার ধারে মেয়েটি : দীপু মাহমুদ

আমার ব্যাপারে মায়ের সবচেয়ে বড় কমপ্লেইন হচ্ছে আমি ডিসঅর্গানাইজড। গোছানো নই। আমি যে খানিক এলোমেলো স্বভাবের সেটা আমাকে আলাদাভাবে বলে দিতে হয় না। আমি জানি। কারণ আমার জ্যামিতিক ফর্মে ট্রায়্যাঙ্গুলার, রেকট্যাঙ্গুলার লাইফ ভালো লাগে না। লাইফ মানেই ওভার বাউন্ডারি। যেমন খুশি সাজো। তাতে লাইফে প্যারা থাকে না। ঝামেলা উড়ে এসে জুড়ে বসতে পারে না।

এটা মাকে কে বোঝাবে! সকাল দশটা বাজতে না বাজতেই চিৎকার শুরু করবে, ‘রাফি, ওঠো। দশটা পার হয়ে গেছে। সারাদিন ঘুমাবে নাকি!’

আমার নাম রাফিদ, রাফি নয়। আদর করে ডাকতে গিয়ে মা আমার নামের দ ঝেড়ে দিয়েছে। আদর বাড়লে মনে হয় ফি-ও চলে যাবে। আমি হয়ে যাব রা। আজ ছুটির দিন। পরীক্ষাও শেষ। সারাদিন ঘুমালে অসুবিধা কী! সারারাত তো জেগে ছিলাম। অবশ্য জেগে কল অব ডিউটি খেলেছি। টিম ডেথম্যাচ। সুপার হাইপ গেম।

ইন্টারমিডিয়েট পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিন থেকে মা নতুন যন্ত্রণা শুরু করেছে। বাংলাদেশে যত কোচিং সেন্টার আছে সবগুলোর কাগজপত্র জোগাড় করে ফেলেছে। কবে থেকে কোচিং শুরু, কোচিং ফি কত, কতদিনের কোর্স। মা আমাকে দিয়ে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং- সব কোচিং করাবে। আমার নিজের যেন কোনও ইচ্ছে নেই! আমার চেয়ে লেগুনার হেলপার অনেক স্বাধীন। চিল করে। মা যদি আমাকে ইজিবাইক চালনোর কোচিংয়ে ভর্তি করে দিত তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম।

আমি খুশি হতে পারিনি। মা আমাকে উদ্ভাসে কোচিং করার জন্য পাঠিয়েছে। এখানে নিয়মিত আসতে হয়। অবশ্য প্রথম দিকে আসতে বিরক্ত লাগলেও এখন ভালো লাগে। ভালো লাগার কারণ কোচিংয়ের পড়াশোনা নয়, হিমি। আ’ম টোটাল সিম্প ফর হার। হলিক্রস থেকে পরীক্ষা দিয়েছে। আমাদের সাথে কোচিং করছে। প্রতিদিন জানালার পাশে বসে। একই জায়গায় কেমন করে সব দিন বসার সিট পায় সেটাও বিস্ময়। এটা তো ইশকুল নয় যে জোর করে সিট দখল করে রাখবে। আর হিমিকে দেখে জোর করে কিছু করার মতো মেয়েও মনে হচ্ছে না। চুপচাপ শান্ত টাইপের মেয়ে। এই কয়দিন একসঙ্গে কোচিং করছি, কোনওদিন তার গলার আওয়াজ শুনিনি। সে কোনও কথা বলে না। স্থির চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। হিমির দিকে তাকালে মনে হয় সরষের তেলভরা স্বচ্ছ বোতলে সূর্যের আলো পড়েছে। হিমির গায়ের রং সেরকম। তাকে দেখে আমার মাথা নষ্ট অবস্থা। এত সুন্দর মানুষ হয়!

অবাক ঘটনা হচ্ছে কেউ হিমিকে খেয়াল করে না। এমন অপূর্ব দেখতে একজন মানুষকে কেউ ইগনোর করতে পারে সেটা ভাবাই যায় না। একদিন শুধু শামীম ভাই ক্লাস নেওয়ার সময় বলেছিলেন, ‘ইউ মেয়ে, তুমি কি আমার কথা শুনছো ? জানালা দিয়ে বাইরে তাকিয়ে কী দেখছো ? এদিকে তাকাও।’

হিমি কিছু বলেনি। কেবল জানালার দিক থেকে মাথা ঘুরিয়ে শামীম ভাইয়ের দিকে তাকিয়েছিল। তাও অল্প সময়ের জন্য। খানিক বাদে আবার মাথা ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে দেখছিল।

হলিক্রস কলেজ থেকে পরীক্ষা দেওয়া আরও দুজন মেয়ে আসে হিমির সাথে। তারা যখন নাম ধরে ডেকেছে তখন জেনেছি ওর নাম হিমি।

মায়ের ভাষায় অগোছালো, এলোমেলো, বোহেমিয়ান আমাকে হিমি অর্গানাইজড করে দিল। কোচিং শেষ করে গ্রিন রোড থেকে ফার্মগেটে এসেছি মেট্রো ধরব বলে। আমি শেওড়াপাড়ায় থাকি। ফার্মগেট থেকে মেট্রোরেল ধরে শেওড়াপাড়া স্টেশনে নামি। তারপর রিকশায় না হলে হেঁটে বাসায় চলে যাই। সেদিন ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এসে দেখি হিমি। একবার ভাবলাম গিয়ে কথা বলি। কেন জানি যেতে পারলাম না। হিমিকে একা দেখলাম। তার সাথে হলিক্রসের যারা কোচিংয়ে যায় তারা নেই। তারা হয়তো অন্যদিকে থাকে। মেট্রোরেলে যাতায়াত করে না। হিমি প্রতিদিন মেট্রোরেলে যাতায়াত করে কি না জানি না। আগে খেয়াল করিনি। ওই দিন প্রথম দেখলাম।

দুজন আলাদা কম্পার্টমেন্টে উঠেছি। শেওড়াপাড়ায় নেমে চারপাশে তাকালাম হিমি আছে কি না। হিমি নেই। সে তাহলে আগে কোনও স্টপেজে নেমে গেছে অথবা পরে নামবে। ট্রেনের ভেতর খুঁজতে খুঁজতে ট্রেন হুশ করে স্টেশন ছেড়ে বের হয়ে গেল।

পরদিন কোচিং শেষ করে এসে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে হিমিকে দেখলাম। ব্যাপারটা তখন নোটিশ করেছি। কোচিং শেষ করে আমরা একই সময় একই ট্রেনে বাড়ি ফিরি। ট্রেন আসে বিকাল ৫টা ১৭ মিনিটে। তার পরের দিন বিকাল ৫টা ১৭মিনিটের ট্রেন ধরার জন্য এসেছি। এসে দেখি স্টেশনে হিমি দাঁড়িয়ে আছে।

হিমির সাথে আমার কথা হয় না, তবে বিকাল ৫টা ১৭ মিনিটের ট্রেনে বাড়ি ফেরা আমার ফিক্সড হয়ে গেল। হুট করেই আমি অর্গানাইজড হয়ে গেলাম। টাইম মেইনটেন করে ট্রেন ধরি। কোচিংয়ে আসার সময় খেয়াল করি কোন ড্রেস পরে যাচ্ছি। পরপর দুই দিন একই ড্রেস পরি না। কেন জানি মনে হলো হিমি আমাকে খেয়াল করে। সে কেন আমাকে স্টক করছে বুঝতে পারলাম না। তবু মনে হলো। এখন আর মাকে জোরাজুরি করে ঘুম থেকে আমাকে ডেকে তুলতে হয় না। আমি নিজেই ঘুম থেকে উঠে পড়ি। অনলাইনে নতুন পারফিউম কিনেছি। ওপাল অরা থেকে। উড ফ্লোরাল মাস্ক অপেরা। হিমি কেমন পারফিউম পছন্দ করে জানি না। দাঁত ব্রাশ করতে গিয়ে বেসিনের সামনের গ্লাসের দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। আমাকে আমার কাছে কেমন লাগছে বুঝতে চাইছিলাম। মুখের দাড়ি পুরো শেভ করে ফেলব নাকি ট্রিম করব সেটা বুঝতে পারছিলাম না। মাকে ডাক দিলাম, ‘মা, ও মা, শোনো তো।’

মা অফিসে যাবে। রেডি হচ্ছে। ঘাড় ঝুঁকিয়ে বলল, ‘কী হয়েছে ?’

বললাম, ‘দেখো তো ক্লিন শেভ করলে আমাকে ভালো লাগবে নাকি দাড়ি ট্রিম করব ?’

মা অবাক হয়ে বলল, ‘তুমি কি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছো! ঘটনা কী হয়েছে আমাকে বলো।’

ঘটনা কী হয়েছে তা মাকে বলার রিস্ক নিলাম না। দাড়ি যত্ন করে ট্রিম করে নিলাম।

কোচিং শেষ করে ৫টা ১৭ মিনিটের ট্রেন মিস করেছি। মিস করিয়েছে ফাহাদ। দেরিতে এসেছে কোচিংয়ে। শুরুতে ভাইয়া কী পড়িয়েছে সেসব আমার খাতা দেখে টুকে নিচ্ছিল। আমি যতই তাড়াতাড়ি করি, ফাহাদ যেন ততই দেরি করে। ঘড়িতে তখন সোয়া পাঁচটা বেজে গেছে। তার মানে আজ ৫টা ১৭ মিনিটের ট্রেন মিস।

যখন মেট্রেরেল স্টেশনে এলাম তখন ৫টা বেজে ২১ মিনিট হয়ে গেছে। ট্রেন চলে গেছে জেনেও ছুটে মেট্রোস্টেশনে ঢুকেছি। ঢুকে হকচকিয়ে গেছি। হিমি দাঁড়িয়ে আছে। ঠিক সেই জায়গায়, যেখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। সেও কি আজ ট্রেন মিস করেছে! নাকি আমার জন্য দাঁড়িয়ে আছে! আমার জন্য দাঁড়িয়ে থাকার কোনও কারণ নেই। তাহলে কি অন্য কারও জন্য দাঁড়িয়ে আছে! আমার সব তালগোল পাকিয়ে গেল।

 পরের ট্রেন আসবে ৮ মিনিট পর। শান্ত পায়ে এগিয়ে গিয়ে হিমির পাশে দাঁড়ালাম। নার্ভাস গলায় বললাম, ‘আমি রাফিদ। একই সঙ্গে কোচিং করি। ক্লাসে আপনাকে দেখেছি।’

হিমি কিছু বলল না। থতমত খেয়ে গেছি। নার্ভাসনেস কাটানোর জন্য কিংবা নিজেকে খানিক স্মার্ট দেখানোর জন্য বললাম, ‘আপনি হিমি। আমি জানি।’

তবু হিমি কিছু বলল না। কী বলব বুঝতে পারছি না। হড়বড় করে বললাম, ‘আপনি তো হলিক্রস থেকে! আপনার দুজন বান্ধবী আসে দেখি। তারা কি কোচিং শেষ করে চলে যায় ? আপনাকে সবসময় দেখি একা দাঁড়িয়ে আছেন।’

হিমির কী হলো বুঝলাম না। আমার দিকে ঘুরে দাঁড়াল। মুখোমুখি দাঁড়িয়ে বলল, ‘আমাকে আস্ক করতেছেন! সব কোয়েশ্চেনের আনসার দেওয়া যায় না।’

অমনি আমার ভিতরে কেঁপে উঠল। কেন কেঁপে উঠল জানি না।

তারপর সব স্বাভাবিক হয়ে গেল। আমরা প্রতিদিন কোচিং শেষ করে মেট্রোস্টেশনে এসে ৫টা ১৭ মিনিটের ট্রেন ধরি। কখনও একই কম্পার্টমেন্টে উঠি কখনও আলাদা কম্পার্টমেন্টে। ট্রেনে ওঠার আগে আমরা গল্প করি। আমাদের গল্প থেকে ‘আপনি’ সম্বোধন উঠে গিয়ে সেখানে ‘তুমি’ চলে এসেছে, ‘আমি শেওড়াপাড়ায় থাকি। তুমি কোথায় থাকো ?’

‘আমি মিরপুর দশে নেমে যাই।’

‘মানে তুমি মিরপুর দশে থাকো না ?’

‘নেমে কিছুদূর যেতে হয়। মিরপুর ছয়ে।’

‘শোনো, তুমি রাজি হলে আমিও একদিন মিরপুর দশে নামব। তোমার সাথে হেঁটে যাব। না-না, তোমার বাসায় যাব না। এমনি তোমার সাথে হাঁটব।’

হিমি হাসল। কেউ হাসলে তাকে এত বেশি সুন্দর দেখাতে পারে তা হিমি না হাসলে আমার জানা হতো না। হিমি হাসলেই মন ভালো হয়ে যায়। ভীষণ ভালো।

হিমি হাঁটতে রাজি হয়েছে।

আমরা মিরপুর দশের মেট্রোরেল স্টেশন থেকে বের হয়ে ফুটপাথ দিয়ে হাঁটছিলাম।

হিমি বলল, ‘তুমি গল্পের বই পড়তে লাইক করো ?’

গল্পের বই আমি পড়ি। কিন্তু হিমি যেভাবে জানতে চেয়েছে সেভাবে পড়ি কি না বুঝতে পারছি না। বললাম, ‘পড়ি তো!’

‘কোনও বিশেষ লেখকের লেখা তোমার পছন্দ, এমন হয়েছে ?’

‘ড্যান ব্রাউনের বই পড়তে ভালো লাগে। তারপর এডগার এলান পোর লেখা। সত্যজিৎ রায়ের লেখা বই পড়েছি অনেকগুলো।’

‘তুমি তো দেখতেছি অনেক বই পড়ো। যারা বই পড়ে তারা ভালো মানুষ হয়। তুমি ভালো মানুষ।’

আমার ভালো লাগছে। বেশি ভালো। হিমির সাথে হাঁটতেও ভালো লাগছে। মনে হলো হাঁটতে হাঁটতে এখনি মিরপুর ছয় চলে আসবে আর হিমি বাসায় চলে যাবে। আমাকেও ফিরে যেতে হবে। তখন মন খারাপ হলো।

হিমি বলল, ‘তুমি আমার সব খবর নিছো। আমি হলিক্রস কলেজের স্টুডেন্ট। তিন বান্ধবী কোচিংয়ে আসি। তোমার কিছু জানা হয়নি।’

‘রেমিয়ান আমি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র।’

এটুকু বলে থেমে গেছি। বাড়ির কথা বলতে ইচ্ছে করছে না। যখন ক্লাস সিক্সে পড়ি তখন মাকে রেখে বাবা আরেকজনকে বিয়ে করে চলে গেছে। মা আমাকে নিয়ে আছে। এসব বলতে ইচ্ছে হলো না। হিমির বাসার কাছাকাছি চলে এসেছি। ভদ্রতার জন্য হোক কিংবা আন্তরিকভাবে হোক হিমি তাদের বাসায় যেতে বলল। আমার মন খারাপ লাগছিল। হিমির বাসায় গেলাম না। ফিরে এলাম।

রাতে ফেসবুকে হিমির ফ্রেন্ড রিকোয়েস্ট আর ম্যাসেঞ্জারে মেসেজ পেয়ে চমকে উঠেছি। হিমি জিজ্ঞেস করেছে, ‘তুমি গান  শোনো ?’

লিখলাম, ‘মাঝে মাঝে।’

হিমি লিখল, ‘তুমি কি জানো গান হইতেছে এমন টাইম যখন মানুষ ভীষণ অনেস্ট থাকে!’

হিমির কথা বুঝতে পারলাম না। তবে সিদ্ধান্ত নিলাম এখন থেকে আরও বেশি-বেশি গান শুনব।

হিমি লিখেছে, ‘তোমার সাথে হাঁটতে কোজি ফিলিং দিছে। কালো টি-শার্টে তোমাকে কুল ড্রিপ লাগতেছিল। কাল শেওড়াপাড়ায় নামব। তোমাদের ওখানে হাঁটার জায়গা আছে ?’

আমার খুশি লাগছে। প্রচণ্ড খুশি। পরদিন আমরা শেওড়াপাড়ায় ফুটপাথ ধরে হাঁটলাম। হিমিকে জিজ্ঞেস করলাম, ‘ক্লাসে তুমি সবসময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকো কেন ?’

হিমি কিছু বলল না। চুপ করে আছে। বোকার মতো প্রশ্ন করে ফেলেছি বুঝতে পারছি। অন্য কোনও প্রশ্ন করে বোকামি কাটাতে হবে। কী প্রশ্ন করা যায় ভাবছি। তখন শীতল গলায় হিমি বলল, ‘জানালার বাইরে যে আকাশ, তার কোনও সীমানা বেঁধে দেওয়া নাই। মানুষের জীবন সময় দিয়ে আটকানো। আমার ভেতর এখন আমি আটকে গেছি। আকাশ সবসময় মুক্ত।’

কিছু বুঝতে পারলাম না হিমির কথা। বুঝতে চেষ্টা করছিলাম। হিমি ফিসফিস করে বলল, ‘আমি আর বেশিদিন বাঁচব না।’

আচমকা থমকে গেছি। আমার সব উলটা-পালটা বোধ হচ্ছে। হিমিকে খুব উইয়ার্ড লাগছে। বললাম, ‘মানে কী ?’

হিমি বলল, ‘আমার হার্টে অদ্ভুত সমস্যা ধরা পড়ছে। ডাক্তার বলছেন কমপ্লিকেটেড। দেশে বা দেশের বাইরে এর কোনও ট্রিটমেন্ট নাই। তবু শিগগিরই ডাক্তার অপারেশন করবেন বলছেন।’

আমার পায়ের নিচে দুলছে। মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এমন অনুভূতির সঙ্গে পরিচিত নই। নিজেকে স্থির রাখা কষ্ট হয়ে যাচ্ছে। হিমি আমার গোটানো শার্টের আস্তিন ধরে টান দিয়ে বলল, ‘অ্যাই রাফিদ।’

আমি দাঁড়ালাম। হিমি বলল, ‘আমার বিলিভ অপারেশনের পর আমি বেঁচে যাব।’

মনে হচ্ছে কোথাও কোনও শব্দ নেই। আমি কিছু শুনতে পাচ্ছি না। শুনসান নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। হিমি অমনি আমাকে ঝাঁকুনি দিয়ে বলল, ‘শোনো না! আচ্ছা, আমি যদি অপারেশনের পর আর না থাকি, তুমি কি তখন আমার কথা ভাবতে ভাবতে মিরপুর আর শেওড়াপাড়ার ফুটপাথ দিয়ে হাঁটবা!’

আমার গলা শুকিয়ে এসেছে। ভীষণ পানি পিপাসা পাচ্ছে। মুখের ভেতর ভারী বোধ হচ্ছে। কথা বলতে পারছি না। হিমি হাসছে। রাস্তার মাঝখানে আমাকে ধরে ঝাঁকাচ্ছে আর শরীর বাঁকিয়ে হাসছে। হিমির হাসিতে চারপাশ আবার যেমন ছিল তেমন হয়ে এসেছে। হাসতে হাসতে হিমি বলল, ‘তুমি পাগল। পাগল টু দ্যা পাওয়ার এন। কেমন ঘাবড়ে গেছো! লিভ ইট। এবার স্কিবিডি টাইপ কিছু বলো। লাইক স্ল্যাপ।’

হিমির দিকে তাকিয়ে বললাম, ‘তোমাকে কোনওদিন হারিয়ে ফেললে আমার আকাশ হয়ে যাবে জানালার মাপে। তোমার মতো আমিও তখন জানালা দিয়ে আকাশ দেখব। হয়তো আমার জানালা দিয়ে কেবল ওই একটুখানি আকাশই দেখা যাবে। সে তুমি।’

হিমি আমার হাতে চাপড় দিয়ে বলল, ‘সেই হইছে। জোশ!’

হিমির অপারেশনের দিন হাসপাতালে গেলাম। বাসায় এসে মাকে হিমির কথা বলেছি। মা এসেছে হাসপাতালে আমার সঙ্গে। হিমির মাথায় হাত দিয়ে আদর করেছে। হিমির বাবা-মায়ের সঙ্গে আলাপ হয়েছে।

হিমি বলল, ‘অ্যাই রাফিদ, তুমি ভয় পাইতেছ ?’

হাসপাতালের বেডের সঙ্গে শরীর লাগিয়ে হিমির মাথার কাছে চুপ করে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করছে হিমির কপালে হাত ছোঁয়াতে। কপালের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিতে। কিছুই করতে পারছি না। স্থির হয়ে আছি।

হিমি আমার হাত ধরল। হিমির হাত বেশ গরম। নাকি আমার হাত ঠান্ডা হয়ে আছে ধারণা করতে পারলাম না। হিমি আমার হাতে হাত বোলাতে বোলাতে বলল, ‘আমি একটুও ভয় পাইতেছি না। কেন জানো! জানালার ওপাশে আকাশ আছে। যদি বেঁচে যাই, তখন জানালার বাইরে হাঁটব। যদি না বাঁচি তবু আকাশ থাকবে। সেই আকাশ তুমি দেখবা।’

আমার ভীষণ কান্না পাচ্ছে। দুই চোখ টানটান করে রেখেছি। হিমির সামনে কাঁদতে চাই না। চোখ জ¦ালা করছে। নার্স এসে জানাল হিমিকে অপারেশনের জন্য নিয়ে যাবে। হিমির কাছ থেকে চলে এলাম। কেবিনের বাইরে এসে বারান্দায় দাঁড়িয়ে চোখ মুছে নিয়েছি।

মেসেজ এসেছে। পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখি হিমি মেসেজ পাঠিয়েছে। লিখেছে, ‘তুমি আমার জীবনের জানালা। তোমার সাথে দেখা না হলে জানতেই পারতাম না পৃথিবী এত কিউট। যদি আমি না থাকি, তুমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবা। আমি থাকব আকাশে।’

হুহু করে কেঁদে ফেলেছি। আমার পাশ দিয়ে কখন হিমিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে জানতে পারিনি। মা এসে আমাকে ডেকে নিয়ে গেল। থমকে গেল আমার পৃথিবী।

আবার পৃথিবী সচল হলো আড়াই ঘণ্টা পর। ডাক্তার জানিয়েছেন তিনি দুর্দান্ত খুশি। মিরাকেল কিছু ঘটেছে। অপারেশন সাকসেস হয়েছে।

তারপর হিমি পুরোপুরি সেরে উঠল।

আমরা এখন মিরপুর আর শেওড়াপাড়ার ফুটপাথ ধরে হাঁটি। জানালা দিয়ে নয়, আমরা একসাথে মুক্ত আকাশ দেখি। 

সচিত্রকরণ : রজত          

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button