আর্কাইভসম্পাদকীয়

বিশেষ সম্পাদকীয় : সৎসাহসী নিঃসঙ্গ এক অভিযাত্রী, মননশীল সাহিত্যসাধক

দ্বাদশ বর্ষ   প্রথম সংখ্যা   জানুয়ারি ২০২৫

ভেজাল তথ্য কিংবা বিকৃতির মোড়কে ভরা কথিত সত্যকে অতিক্রম করে প্রকৃত সত্য উন্মোচিত করার চেষ্টা করে গেছেন নিঃসঙ্গ-সাহসী অভিযাত্রী, ভাষা-আন্দোলনের অন্যতম সংগঠক আহমদ রফিক। ইতিহাসের প্রকৃত তাৎপর্য উদঘাটনে জীবনব্যাপী কাজ করেছেন, সত্য প্রকাশে কোনও ব্যক্তি কিংবা গোষ্ঠীর প্রতি পক্ষপাতকে কখনও প্রশ্রয় দেননি। ফলে বিভিন্ন আমলে অজনপ্রিয় হয়ে ওঠেন ভাষা-আন্দোলনের অগ্নিগর্ভ সময়ে সক্রিয় অংশগ্রহণকারীদের অন্যতম এই ‘ফুট সোলজার’। নিঃসঙ্গতাই তাঁর প্রিয় বৈশিষ্ট্য। সত্যের প্রতি অবিচল থাকার কারণে নিঃসঙ্গতাকে তিনি বন্ধু হিসেবে বরণ করে নিয়েছেন। ফলে ভাষা-আন্দোলন নিয়ে লেখা তাঁর বইগুলো হয়ে উঠেছে আমাদের মহান বায়ান্নর আকরগ্রন্থ, সত্যনিষ্ঠার উজ্জ্বল দলিল।

ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব যুগে যুগে বহু সংবেদনশীল মনীষী নিঃসঙ্গতার শিকার হয়েছেন, প্রিয় না-হওয়ার নানা রকম কাজও করেছেন। সেই অর্থেও বলব আহমদ রফিক মহাকালের পক্ষপাতহীন এক মনীষী রূপেই উজ্জ্বল থাকবেন।

মননশীল সাহিত্যসাধক হিসেবেও নিজের অবস্থান মজবুত করতে পেরেছেন। ভাষা-আন্দোলন নিয়ে লেখালেখির পাশাপাশি তিনি গবেষণামূলক লেখালেখি করেছেন রবীন্দ্রনাথ, নজরুল, এমনকি বিষ্ণু দে-কে নিয়েও। কবিতা-গল্প-উপন্যাসের মতো সৃজনশীল সাহিত্য সাধনাও করেছেন। তবে তাঁর অবস্থান উজ্জ্বলতর হয়েছে মূলত প্রাবন্ধিক তথা মননশীল সাহিত্যসাধক হিসেবে। 

দেশবিভাগের ট্রাজেডি, বহুমাত্রিকতা নিয়েও প্রায় ৪০০ পৃষ্ঠার একটি বই লিখেছেন। বিদেশিরাও দেশবিভাগকে ‘সাউথ এশিয়ান ট্র্যাজেডি’ বলে আখ্যা দিয়েছেন। সেখানে হিন্দু, মুসলমান ও শিখ এই তিন সম্প্রদায়ের লক্ষ লক্ষ লোক মারা গেছে! আহমদ রফিকের ভাষায়, ‘আমি বলব, ধারালো তলোয়ারে পাঞ্জাব এবং বঙ্গদেশ ভাগ হলো।’

আমরা শব্দঘর-এর একযুগ যাত্রাশুরু সংখ্যাটি উৎসর্গ করলাম এই মহান ভাষা-সংগ্রামীকে। থাকছে তাঁর  মূল্যায়ন, গ্রন্থ আলোচনা ও সাক্ষাৎকার। আবার পড়ি বিভাগে রয়েছে তাঁর উল্লেখযোগ্য কিছু কবিতা ও প্রবন্ধ রচনা।

২০১৪ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু, ২০২৫ সালের জানুয়ারিতেও আমরা অবিরাম শব্দঘর প্রকাশ করে আসতে পেরেছি। করোনাকালে কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়নি। তাছাড়া নিয়মিত প্রকাশ করার সৌভাগ্য লাভ করেছি। মহান আল্লাহর দরবারে সন্তুষ্টি প্রকাশ করছি। দেশ-বিদেশের অসংখ্য গুণী সাহিত্যিক-লেখক, বোদ্ধা পাঠক আমাদের সঙ্গে যুক্ত আছেন। আজকের এই মহান আনন্দের দিনে, প্রকাশনার এক যুগের যাত্রায় সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।

চলে গেলেন আমাদের প্রাণের কবি হেলাল হাফিজ। তাঁর প্রয়াণে শব্দঘর-পরিবারের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি। পরবর্তী কোনও সংখ্যায় তাঁর কাব্যপ্রতিভা নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এবারের প্রচ্ছদের প্রতিকৃতি এঁকেছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী মাসুক হেলাল। তিনিই সাজিয়ে দিয়েছেন প্রচ্ছদের বাইরের রূপ। বিজ্ঞাপনদাতাদের প্রতি রইল অশেষ ভালোবাসা। আড়াল থেকে যাঁরা সাহায্য-সহযোগিতা করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button