আর্কাইভপ্রচ্ছদ রচনা

প্রচ্ছদ রচনা : ইতিহাসের মানুষ আহমদ রফিক : সেলিনা হোসেন

প্রচ্ছদ রচনা : ভাষাসৈনিক আহমদ রফিক―মূল্যায়ন

আমাদের ইতিহাসের মানুষ আহমদ রফিক। বরণ করি সৃজনশীল মানুষকে অনাবিল ভালোবাসায়। তাঁকে অভিনন্দিত করি দিগন্ত-বিথারী লেখার জন্য।

তিনি বহুমুখী মাত্রার লেখক। কবিতা, প্রবন্ধ, গল্প, শিশুসাহিত্য, অনুবাদ এবং গবেষণায় তিনি সিদ্ধহস্ত। নিঃসন্দেহে বলা যায় নিবেদিতপ্রাণ লেখক। লেখার বিষয় এবং পদ্ধতি নির্বাচনে আপসহীন। পূর্ণতার জায়গা সম্পন্ন করেছেন নিষ্ঠা ও শ্রমে।

কীভাবে সময়কে নিজের করতলে নিয়ে গড়তে হয় সৃজনের দেয়াল সেটা তিনি পরবর্তী প্রজন্মকে শেখালেন।

ইতিহাস চেতনার দুটি বিষয়কে গভীরভাবে অনুধাবন করার জন্য প্রাবন্ধিক-গবেষক আহমদ রফিক আমার কাছে ভিন্ন মাত্রার লেখক। বিষয় দুটো হলো ভাষা-আন্দোলন ও রবীন্দ্রনাথ। দুটো বিষয়ই বাঙালি জাতিসত্তার দিগন্ত। আমি নিজেও এ বিষয়ে কাজ করেছি। তখন আহমদ রফিকের বই আমার তথ্যের উৎস হয়েছে।

তিনি ভাষা-আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ছাত্র থাকার সময়ে। তখন তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। ভাষা-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের কারণে মেডিকেল কলেজে ইন্টার্নশিপ সম্পন্ন করার অনুমতি পাননি। ইতিহাসের চেতনার মানুষদের এভাবে খেসারত দিতে হয়। কিন্তু এতে তাদের কিছু যায় আসে না। তারা এটাকে গৌরবের অর্জন হিসেবে দেখেন। এই সাহস এবং অঙ্গীকার প্রকৃত মানুষের দীপশিখা। তাঁরা নিজেদের কর্মযজ্ঞে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেন।

ভাষা-আন্দোলন বিষয়ে ১২টি বই লিখেছেন রফিক ভাই। প্রথম বইয়ের নাম একুশের ইতিহাস আমাদের ইতিহাস। পরেরটি ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য। অন্য আর একটি ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা। ১২টি বইয়ের অনেকগুলো আমার পড়া। আমি নিজে ভাষা-আন্দোলনের পটভূমিতে যাপিত জীবন নামে উপন্যাস লিখেছি। এজন্য এমন অনেক বই আমার তথ্য-সহায়ক গ্রন্থ হয়েছে।

পরবর্তী প্রসঙ্গ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বিষয়ে রফিক ভাইয়ের ১৪টি বই আছে। রবীন্দ্রনাথ শিলাইদ, পতিসর, শাহজাদপুরে জমিদারি দেখাশোনার সূত্রে কাটিয়েছেন দশ বছর সময়। আমি এই সময় এবং স্থানের পটভূমিতে যে উপন্যাসটি লিখি তার নাম পূর্ণ ছবির মগ্নতা। রফিক ভাইয়ের বই রবীন্দ্রভুবনে পতিসর আমার সামনে তথ্য-সহায়ক বই হিসেবে ছিল। খুঁটিয়ে পড়েছি। জেনেছি রবীন্দ্রনাথের সেই সময়। কীভাবে তিনি দিন কাটিয়েছেন, কোন লেখাগুলো পতিসরে বসে লিখেছেন ইত্যাদি এমন আরও অনেক কিছু। রবীন্দ্র ভাবনায় গ্রাম : কৃষি ও কৃষক আমার তথ্যের জন্য আর একটি বই। ১৪টি বই পড়ে আমার প্রয়োজনীয় তথ্য নিয়েছি। উপন্যাসের প্রয়োজনে যতটুকু দরকার হয় ততটুকু।

এভাবে একজন প্রাবন্ধিক-গবেষক একজন কথাসাহিত্যিককে সহযোগিতা করেন। এই সমতার জায়গা থেকে তৈরি হয় শিল্পের ভুবন।

ভাষা-আন্দোলনে অংশগ্রহণকারী একজন সক্রিয় ছাত্র হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা যেমন প্রশ্নহীন, তেমনি তাঁর লেখার বৈচিত্র্য ইতিহাসের পৃষ্ঠার উপাদান। বাঙালি, বাংলা ভাষা, বাংলাদেশ তাঁর চেতনার আলোকিত ভুবন। সুস্থ থাকুন সবার প্রিয় আহমদ রফিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button